Connect with us

ICC T20 WORLD CUP: দানবীয় ব্যাটিংয়ে ১০৭ রানে জয় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ

রে স্পোর্টজের ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেট বিশ্বকাপে শেষ রাতে দানবীয় ব্যাটিং প্রদর্শন করলেন ওয়েস্ট ইন্ডিজ দল। গ্রুপ পর্বে নিজেদের গ্রুপ ‘সি’ থেকে শীর্ষস্থানে শেষ করেছিলেন ক্যারিবিয়ানরা।

অন্যদিকে শক্তিধর অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্ব থেকেই বিদায় দিয়ে শেষ আটে জায়গা করে নেয় জিম্বাবোয়ে, তারাও নিজেদের গ্রুপে প্রথম হয়েছিলেন । সুপার এইটে গ্রুপ ওয়ানের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০৭ রানের বিশাল ব্যবধানে জিম্বাবোয়েকে পরাজিত করল ওয়েস্ট ইন্ডিজ।টসে জিতে জিম্বাবোয়ে প্রথমে ব্যাট করতে পাঠায় ক্যারিবিয়ানদের। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিয়ে ভালো শুরু করেছিল সিকান্দার রাজার দল। তিন নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের রূপ বদলে দেন হিটমায়ার। এরপর দীর্ঘ সময় ধরে চলে তার ঝড়ো ব্যাটিং। ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস সাজান ৭টি চার ও ৭টি ছক্কায়। তাকে যোগ্য সঙ্গ দেন পাওয়েল, ৩৫ বলে ৫৯ রান করেন তিনি। শেষদিকে ঝড় তোলেন রাদারফোর্ড। ৩টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ৩১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ২৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

২৫৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে গুটিয়ে যায় ১৪৭ রানে। তারা খেলতে পারে মাত্র ১৭.৪ ওভার। বল হাতে ৪টি উইকেট নেন গুরকেশ মতি এবং ৩টি উইকেট শিকার করেন আকিল হোসেন।

এই বড় জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার সমান পয়েন্ট থাকলেও রানরেটের জন্য গ্রুপের শীর্ষস্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। একই গ্রুপে প্রথম ম্যাচ হেরে চাপে রয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে ক্যারিবিয়ানদের সঙ্গেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা