সৌরভ রায়: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মত দলকে উড়িয়ে দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ে ক্রিকেটের সাম্প্রতিক উত্থান প্রসঙ্গে রে স্পোর্টজকে একান্ত সাক্ষাৎকার দিলেন অলরাউন্ডার রায়ান বার্ল। ব্যক্তিগত পরিণতি থেকে দলের উন্নতি—সব বিষয়েই খোলামেলা কথা বললেন তিনি।
রে স্পোর্টজ: ২০২০ সালের পর থেকে আপনার জীবনে কী পরিবর্তন এসেছে?
রায়ান বার্ল: বয়স ও অভিজ্ঞতা দুটোই বেড়েছে। আন্তর্জাতিক ক্রিকেট বেশি খেলায় আত্মবিশ্বাস এসেছে। পাশাপাশি আমি এখন দুই সন্তানের বাবা। পারিবারিক দায়িত্ব আমাকে আরও পরিণত করেছে। সেই দায়িত্ববোধ মাঠেও কাজে লাগাতে চেষ্টা করছি, সিনিয়র হিসেবে নেতৃত্ব দেওয়ার ভূমিকা নিচ্ছি।
রে স্পোর্টজ: দলের এই সাফল্যের পেছনে মূল পরিবর্তন কোথায়?
রায়ান বার্ল: বড় পরিবর্তন এসেছে কোচ জাস্টিন সামনস যোগ দেওয়ার পর। আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করি—সুপার এইটে ওঠা। আঞ্চলিক বাছাই থেকে মূল পর্ব পর্যন্ত ধাপে ধাপে এগিয়েছি। হারকে হতাশা নয়, শিক্ষার অংশ হিসেবে নিয়েছি।
রে স্পোর্টজ: নেতৃত্বে সিকান্দার রাজার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
রায়ান বার্ল: রাজা অসাধারণ। সে সবসময় ম্যাচ নিয়ে ভাবে, অনুশীলন নিয়ে ভাবে, সতীর্থদের পরামর্শ দেয়। আইপিএল-সহ বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করেছে। তার পেশাদার মনোভাব আমাদের অনুপ্রাণিত করে।
রে স্পোর্টজ: আগামী বছর বিশ্বকাপ সহ-আয়োজন—কতটা বিশেষ?
রায়ান বার্ল: ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন বিশাল আত্মবিশ্বাস দেয়। ২০০৩ সালের পর আবার এমন সুযোগ আসছে। সমর্থকদের সমর্থন আমাদের অতিরিক্ত শক্তি দেবে। তবে ফরম্যাট আলাদা, তাই মানিয়ে নেওয়াটাই চ্যালেঞ্জ।
রে স্পোর্টজ: সমর্থকদের জন্য কোনো বার্তা?
রায়ান বার্ল: যারা আমাদের সমর্থন করছেন, দেশে ও বিদেশে—সবার প্রতি কৃতজ্ঞতা। গ্যালারিতে কয়েকজনও আমাদের কাছে হাজারো দর্শকের সমান শক্তি দেয়। আমরা বিশ্বাস করি, এই যাত্রা কেবল শুরু।
