রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: গ্রুপ ওয়ানের সমীকরণ ছিল স্পষ্ট এই ম্যাচে হার মানেই বিদায় প্রায় নিশ্চিত। সেই চাপ নিয়েই জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম-এ ৭২ রানের জয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারতীয় দল।
টসে জিতে জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। চলতি প্রতিযোগিতায় প্রত্যাশা পূরণ করতে না পারা অভিষেক শর্মা এদিন আত্মবিশ্বাসী ইনিংস খেলেন। চারটি চার ও চারটি ছক্কায় মাত্র ৩০ বলে ৫৫ রান করে দলকে শক্তিশালী শুরু এনে দেন তিনি। ইশান কিষান ৩৮ এবং সূর্যকুমার যাদব ৩৩ রান করে ভালো ভিত গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি। এরমাঝে চিন্তায় রাখল সঞ্জু স্যামসনের ফর্ম। ১৫ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা ম্যাচের গতি বদলে দেন। মাত্র ১৬ বলে ৪৪ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন তিলক বর্মা,২৩ বলে ৫০ রানে অপরাজিত থাকেন হার্দিক। এই জুটি ভারতকে পৌঁছে দেন ২৫৬ রানে, যা এই মাঠে অন্যতম বড় সংগ্রহ।
২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে শুরুতে লড়াইয়ের ইঙ্গিত দেয়। ওপেনার বেনেট ৫৯ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ভালো শুরু করেছিল জিম্বাবোয়ে তবে মারুমানিকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেয় আক্সার প্যাটেল।এর পর রাজা(৩১) আর বেনেট মিলে চেষ্টা করলেও ভারতীয় বোলারদের সামনে তাদের প্রতিরোধ সহজেই ভেঙে পরে।
১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্স-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচই নির্ধারণ করবে ভারতের সেমিফাইনালের ভাগ্য। জিতলেই শেষ চারে জায়গা করে নেবে ভারত।
