Connect with us

বড় সম্মানে ভূষিত দ্রাবিড়, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বড় পুরস্কার পেতে চলেছেন রাহুল দ্রাবিড়। সূত্রের খবর প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচ দ্রাবিড়কে বিসিসিআইয়ের বার্ষিক নামন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে। ১৫ মার্চ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানে ভারতের ওডিআই ও টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল পেতে চলেছেন ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ পুরস্কার। অন্যদিকে, ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য মুম্বইয়ের আয়ুশ মাত্রে পেতে পারেন লালা অমরনাথ অ্যাওয়ার্ড। জানা গেছে, ভারতের প্রাক্তন মহিলা অধিনায়ক মিতালি রাজকেও লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে।ক্রিকেটার হিসেবে দ্রাবিড় ছিলেন ভারতীয় ক্রিকেটের বিখ্যাত ‘ফ্যাব ফোর’-এর একজন। এই তালিকায় বাকি তিনজন ক্রিকেটারের মধ্যে ছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং ভিভিএস লক্ষ্মণ। ‘দ্য ওয়াল’ নামে পরিচিত দ্রাবিড় পরিচিত ছিলেন টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে। দেশে তো বটেই এমনকি বিদেশের মাটিতেও একাধিকবার সিরিজ জিতিয়েছেন ভারতকে। নিজের ক্রিকেট জীবনে ১৬৪টি টেস্ট ম্যাচ খেলে দ্রাবিড় করেছেন ১৩,২৮৮ রান, গড় ৫২.৩১। এর মধ্যে রয়েছে ৩৬টি শতরান। একদিনের ক্রিকেটেও তিনি ১০,০০০-এর বেশি রান সংগ্রহ করেন। অবসর নেওয়ার পর কোচিংয়ে যোগ দেন দ্রাবিড়। ২০১৮ সালে তাঁর কোচিংয়েই ভারত অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয় করে। ২০২১ সালে ভারতের পুরুষ দলের প্রধান কোচ নির্বাচিত হয়েছিলেন দ্রাবিড়। তাঁর কোচিংয়েই ভারত ২০২৩ সালে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপে রানার্স-আপ হয়। এরপর ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। ২০২৬ সালের নামন অ্যাওয়ার্ডস মূলত আইসিসি টুর্নামেন্টে ভারতের সাম্প্রতিক সাফল্য উদযাপন এবং ২০২৪–২৫ মরশুমে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্স করা ক্রিকেটারদের সম্মান জানাতেই আয়োজিত হচ্ছে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এদিন এই প্রসঙ্গে জানান, “১৫ মার্চ নয়াদিল্লিতে বিসিসিআই অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপজয়ী দলসহ আইসিসি টুর্নামেন্টে জয়ী সব দল ও তাদের কোচদের আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে থাকবে সিনিয়র পুরুষ দল, সিনিয়র মহিলা দল, অনূর্ধ্ব-১৯ ছেলেদের দল এবং অনূর্ধ্ব-১৯ মেয়েদের দল—যারা সবাই ২০২৫ সালে বিভিন্ন ট্রফি জিতেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা