Connect with us

ISL 2025/26: এজেজ্জারির জোড়া গোলে দাপুটে জয় ইস্টবেঙ্গলের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : দাপুটে পারফরম্যান্সে আইএসএলে ওড়িশা এফসিকে ৩-০ গোলে পরাজিত করল ইস্টবেঙ্গল। মঙ্গলবার গোয়ার মাটিতে অনুষ্ঠিত ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে জোড়া গোল করে জয়ের নায়ক ইউসেফ এজেজ্জারি, আর শুরুতেই দলকে এগিয়ে দেন বিপিন সিং।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় লাল-হলুদ ফুটবলারদের। ১১ মিনিটে বাঁ দিক থেকে পিভি বিষ্ণুর নিচু ক্রস পেয়ে অরক্ষিত অবস্থায় সহজেই গোল করে দলকে এগিয়ে দেন বিপিন, যা ছিল তাঁর ১৫০তম ম্যাচে বিশেষ মুহূর্ত। একই সঙ্গে এদিন বিষ্ণুও নিজের ৫০তম ম্যাচ খেললেন।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। অন্যদিকে ওড়িশার রক্ষণে বারবার অনিশ্চয়তা চোখে পড়ে। কার্ড সমস্যা ও চোটের কারণে মিগুয়েল ফেরেইরা ও আনোয়ার আলির অনুপস্থিতি সত্ত্বেও ছন্দ হারায়নি ব্রুজোর দল।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে ইস্টবেঙ্গল। ৬২ মিনিটে কোচ অস্কার ব্রুজো অ্যান্টন সজবার্গের বদলে এজেজ্জারিকে নামান, আর সেই পরিবর্তনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৬৯ মিনিটে প্রথম গোল করার পর ৮৩ মিনিটে বিপিনের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি।

শেষ পর্যন্ত স্বচ্ছন্দ জয়ে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল ইস্টবেঙ্গল, যা লাল-হলুদ শিবিরে স্বস্তি ফিরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা