রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বারবার বদলে যাচ্ছে মালিকানা। ঠিক এরকমই ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটমহল। কয়েক ঘন্টার মধ্যেই আইপিএল এর কমলা টুপির হাত বদল হল চারবার। শনিবার দিনের শুরুতে যিনি ছিলেন শীর্ষে দিন শেষ হতে দেখা গেল তাকে টপকে গেছেন আরো চারজন।
আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শনিবার সকালেও শীর্ষে ছিলেন বিরাট কোহলি। মাত্র ৭ ম্যাচ খেলে তার দখলে ৩২৮ রান। অথচ ২৪ ঘন্টা পেরোনোর আগেই বিরাট কোহলি নেমে গেলেন ৫ নম্বরে। দিনের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন কেএল রাহুল। ফলে আইপিএলে রাহুলের রান দাঁড়ায় ৩৫৭। স্বাভাবিকভাবেই কমলা টুপির দৌড়ে এগিয়ে যান তিনি। কিন্তু সেটা মাত্র কয়েক ঘন্টার জন্য। তারপরেই তাকে জায়গা থেকে সরিয়ে মসনদে বসেন বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নেমে তার অনবদ্য ১০৩ রানের ইনিং তাকে তুলে আনে শীর্ষস্থানে। যদিও এরপরে বৈভব এবং রাহুলের মোট রানের পরিমাণ একই দাঁড়ায়। কিন্তু স্ট্রাইক রেট এর কারণে এগিয়ে যান বৈভব। তবে মজার কথা হল দিনের শেষে নিজের জায়গা ধরে রাখতে পারেননি তিনিও। রাজস্থানের বিরুদ্ধে ৫৭ রানের ইনিংস খেলে শীর্ষস্থান ছিনিয়ে নেন অভিষেক। আইপিএলের তার মোট সংগ্রহ ৩৮০ রান। অন্যদিকে বিরাট কোহলি কে টপকে গেছেন আরো এক বিদেশী ক্রিকেটার। রাজস্থানের বিরুদ্ধে মাত্র ২৯ রানের ইনিংস খেলেই চতুর্থ স্থানে উঠে এলেন হেনরি ক্লাসেন। আইপিএলে তার সংগ্রহ ৩৪৯।
