রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমে শুরুটা ভালো হলেও, ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৪৭ রানে ম্যাচ হেরেছে দিল্লি। ২৪৩ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যর্থ হন দিল্লির দুই ওপেনার। ৩৭ রান করলেও দায়িত্ব নিয়ে খেলতে পারেননি কেএল রাহুল। দিল্লির এই তারকা ব্যাটারের উপরেই চটেছেন দলের ক্রিকেট ডিরেক্টর ভেনুগোপাল রাও। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সরাসরি কেএল রাহুলকেই নিশানা করলেন তিনি।
চলতি আইপিএলে ধারাবাহিক ছন্দে নেই কেএল রাহুল। মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে বড় রান করতে না পারায়, তোপের মুখে পড়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে ভেনুগোপাল রাও বলেন, “নিশাঙ্ক আউট হওয়ার পর রাহুল পর্যাপ্ত স্ট্রাইক পায়নি। প্রথম কয়েক ওভারে অন্য প্রান্তে ছিল। ব্যাটার হিসেবে পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান পাওয়া উচিত। নীতিশ বেশি বল খেলায়, রাহুল শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি। সেখানেই মোমেন্টাম সানরাইজার্সের দিকে ঘুরে যায়।” পাশাপাশি, দলের ফিল্ডিং নিয়েও প্রশ্ন তুলেছেন ভেনুগোপাল রাও।
