Connect with us

ICC T20 WORLD CUP: ইডেনে অঘোষিত কোয়ার্টার ফাইনাল, কলকাতায় পৌঁছে গেলেন সূর্যরা

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনাল। ইতিমধ্যেই শেষ চারে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের বিজয়ী দলই পৌঁছে যাবে সেমিফাইনালে। ফলে মেগা ম্যাচের আবহে উত্তেজনায় ফুটছে তিলোত্তমা। বৃহস্পতিবার চেন্নাইতে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পর, শুক্রবার কলকাতায় পা রাখলেন সূর্যকুমার যাদবরা। বিকেল ৪:২০-তে বিশেষ চাটার্ড বিমানে ভারতীয় দলের কলকাতায় অবতরণ করার কথা থাকলেও, প্রায় এক ঘন্টা বিলম্বিত হয় সূর্যদের বিমান। বিকেল ৫:৩০ নাগাদ কলকাতায় মাটিতে পা রাখেন ভারতীয় দলের ক্রিকেটাররা। বিমানবন্দর চত্ত্বরে উন্মাদনার পারদ না চড়লেও, শ’দুয়েক সমর্থকের উপস্থিতি জানান দিল সূর্যদের আগমন। জয়ধ্বনি আর স্লোগানের মাঝেই টিম বাসে পদার্পণ করলেন অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়ারা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে হাতে মাত্র একটা দিন সময় রয়েছে গৌতম গম্ভীরের হাতে। শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে অনুশীলন করবে ভারতীয় দল। মরণ-বাঁচন ম্যাচে মাঠে নামার আগে দলের খামতি গুলো ঢেকে ফেলতে চাইবেন গৌতম গম্ভীর। তবে ইডেন গার্ডেন্সে গ্যালারি ভর্তি সমর্থকের সামনে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারতীয় দল। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের পর অনেকটাই আত্মবিশ্বাস অর্জন করেছেন সূর্যকুমার যাদবরা। শুক্রবার বিমানবন্দরে বেশ খোশমেজাজেই দেখা গেল ভারতীয় দলের ক্রিকেটারদের। তবে সবাইকে দেখা গেলেও, এদিন দলের সঙ্গে কলকাতা এলেন না রিঙ্কু সিং। সদ্য পিতৃহারা হয়েছেন রিঙ্কু। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি দলে থাকবেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে কলকাতায় ক্রিকেটের নন্দনকাননে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা