Connect with us

ভারতের হয়ে খেলতে প্রস্তুত, জানালেন রায়ান উইলিয়ামস…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নতুন অধ্যায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতীয় ফুটবল, আর সেই গল্পের কেন্দ্রে উঠে আসছেন এক নতুন নাম রায়ান উইলিয়ামস। ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জার্সিতে তাঁর সম্ভাব্য অভিষেক ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলাদা উন্মাদনা। সেই ম্যচের আগেই রায়ানের উক্তি “একটাই দিন, একটাই স্বপ্ন ৩১ মার্চ।”

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই প্রথমবার জাতীয় দলে নামার সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু প্রশাসনিক জটিলতায় সেই সুযোগ হাতছাড়া হয়। এবার সব বাধা কাটিয়ে তিনি প্রস্তুত মাঠে নামার জন্য। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “ক্লিয়ারেন্স পাওয়ার পর থেকেই আমার মাথায় শুধু ৩১ মার্চ দিনটি ঘুরছে। ফিফার অনুমোদন দেরিতে আসায় ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সুযোগ হাতছাড়া হয়েছিল। দলের সঙ্গে প্রস্তুতি নিয়েও মাঠে নামা হয়নি, যা নিঃসন্দেহে হতাশার ছিল। সেই ম্যাচে খেলতে না পারলেও, এবার হয়তো নীল জার্সিতে অভিষেকের সুযোগ পাব, তাও নিজের দেশের সমর্থকদের সামনে।”

ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে আবেগঘন প্রতিক্রিয়াও শোনালেন তিনি। “সবকিছু শেষ করে এখানে পৌঁছতে পারাটা দারুণ স্বস্তির। দাদু যেখানে খেলেছিলেন, সেখানেই নাতি হিসেবে দেশের জার্সিতে খেলার সুযোগ পাওয়া আমাদের পরিবারের জন্য গর্বের। আমার জন্য এটা এক বিশেষ অনুভূতি।”

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক না হলেও, নতুন মুখদের উপস্থিতি বদলে দিতে পারে ছবিটা এমনটাই আশা সমর্থকদের। এখন নজর একটাই,মাঠে নেমে ভারতের জাতীয় ফুটবল দল এর হয়ে রায়ানের প্রথম ছোঁয়া কেমন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা