Connect with us

ISL 2025/26: জয়ের বার্তা অস্কারের, যুবভারতীতে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

ISL 2025/26: জিতেই আইএসএল অভিযান শুরু করার বার্তা দিলেন অস্কার ব্রুজন। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ২০২৫-২৬ মরশুমের আইএসএল যাত্রা শুরু করতে চলেছে East Bengal FC। প্রতিপক্ষ NorthEast United FC এ বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন। অন্যদিকে, শেষ তিনটি টুর্নামেন্টের মধ্যে দুটিতে ফাইনালে পৌঁছেছে ইস্টবেঙ্গল।ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ অস্কার ব্রুজন ও রাশিদ বাসিম। সাংবাদিকদের উদ্দেশ্যে রাসিদ বলেন, “অতীত খুব কঠিন ছিলো, কম্পেটেটিভ ম্যাচ না থাকায় নিজেদের মোটিভেটেড রাখা খুব কঠিন, তবে সে কথা ভুলে শুধু কালকের ম্যাচ নিয়ে ভাবছি,আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাবব, আগে কালকের ম্যাচটি জিততে চাই।”

দল গঠন নিয়ে প্রশ্নের উত্তরে অস্কার বলেন, “আগের বছর আমি যে সময় ইস্টবেঙ্গলে আসি তখন একটা ভাঙা দল পেয়েছিলাম, সেই নিয়ে আমি লড়াই করি।এবার আমি আর থংবই একসাথে দল সাজিয়েছি আমাদের দলে বেশ কিছু নতুন খেলোয়াড় এসেছে,দল নিয়ে আমি খুশি।” নিজের পছন্দমতো দল গড়ার সুযোগ দেওয়ার জন্য ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান তিনি। কেভিনের চোট প্রসঙ্গে অস্কারের বক্তব্য, “অনুশীলন করার সময় ওর চোট লেগেছে তবে আমি আশাবাদী দু সপ্তাহের মধ্যে কেভিন ফিরে আসবে।”হোম ম্যাচ মানেই বাড়তি সুবিধা, এ কথা মানতে নারাজ ইস্টবেঙ্গল কোচ। তাঁর কথায়, “হোমম্যাচ গুলোতে বাইরে থেকে আসা দলগুলি সবসময় লো ব্লক ফুটবল খেলে তার ফলে লো ব্লক ফুটবল ভেঙে গোল করা খুব কঠিন হয়ে পরে। “

এ দিন নর্থইস্টের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ পেড্রো বেনালি। তাঁর মন্তব্য, “অবশ্যই ইস্টবেঙ্গলে বেশকিছু ভালো প্লেয়ার রয়েছে, নতুন বেশ কিছু ভালো প্লেয়ার সংযোজন হয়েছে, তাদের কোচও খুব ভালো,তাদের দুর্বলতা অনেক কম, তবে ফুটবল ৯০ মিনিটের খেলা, আমরা চাইবো তাদের দুর্বলতাকে কাজে লাগাতে।” সমর্থকদের উদ্দেশে অস্কারের বার্তা, “ইস্টবেঙ্গল দর্শকরা শুধু ভারত সেরা নয় আমার মনে হয় তারা এশিয়া সেরা, আমাদের সমর্থন করার জন্য তাদের মাঠে আসার অনুরোধ করব।”

সব মিলিয়ে মরশুমের প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসী বার্তা স্পষ্ট—লক্ষ্য একটাই, জয় দিয়ে শুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা