রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: একদিকে ধারাবাহিকতার অভাব, অন্যদিকে চতুর্মুকুটের স্বপ্ন। রবিবার রাতে ওয়েম্বলিতে কারাবাও কাপের ফাইনালে দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনালের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। ও’রেইলির জোড়া গোলে ভর করে ২-০ গোলে আর্সেনালকে হারিয়ে নবম লিগ কাপের খেতাব জিতল পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণের ঝাঁঝ ছিল চোখে পড়ার মত। তবে গোল তুলে নিতে পারছিল না কেউই। তবে দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে আর্সেনালের গোলরক্ষক কেপা আরিজাবালাগার একটি বড় ভুল এই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সহজ সুযোগ থেকে গোল করে যান ও’রেইলি। চার মিনিটের মধ্যেই ম্যানচেস্টার সিটির হয়ে জয়সূচক গোলটি করেন তিনি। মিকেল আর্তেতার সঙ্গে মস্তিষ্কের লড়াই জিতে, নিজের কোচিং কেরিয়ারে পঞ্চম লিগ কাপ হাতে তুললেন পেপ গুয়ার্দিওলা। সব মিলিয়ে ৪০টি ট্রফির দাবিদার তিনি। যা এক কথায় নজির।
