রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলে নিজেদের চতুর্থ ম্যাচে ৫–১ গোলের ব্যবধানে জিতল মোহনবাগান। রবসন ছাড়াই মাঠে ফুল ফোটাল মোহনবাগান দল। গোল পার্থক্য নিয়ে ভাবছেন না ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন সার্জিও লোবেরা। তবে শেষ দুই ম্যাচে ১০ গোল করে নিজেদের আসল লক্ষ্য স্পষ্ট করে দিলেন মোহনবাগান কোচ। আজ ম্যাচের প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন মোহনবাগানের অজি তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। ম্যাচের ৫টি গোলের মধ্যে চারটি গোল একাই করলেন জেমি। তবে শেষ দুই ম্যাচে সহজ দুই প্রতিপক্ষের বিরুদ্ধে ১ গোল করে হজম করতে হল মোহনবাগানকে।সাংবাদিক সম্মেলনে লোবেরাকে সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমার নিজস্ব একটি ফুটবল দর্শন আছে এবং আমি তাতেই বিশ্বাস করি। গোল আটকানোর থেকেও আমি চাই আমার দল বেশি গোল করুক। প্রতিপক্ষ দলকে গোল না করতে দিয়ে ছোট ব্যবধানে জেতার থেকে বড় ব্যবধানে ম্যাচ জেতা আমি বেশি উপভোগ করি, এবং আমি চাই আমার দল এই দর্শনেই ফুটবল খেলুক।”এর পরের তিনটি ম্যাচে বেশ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান দল। তার মধ্যে দুটি ম্যাচ খেলতে হবে বাইরের মাঠে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে বাগানের হেডস্যার জানান, “এই মুহূর্তে আমি শুধুমাত্র পরের বেঙ্গালুরু ম্যাচ নিয়েই ভাবতে চাই। পরের ম্যাচ থেকে ৩ পয়েন্ট অর্জন করাই এখন প্রধান লক্ষ্য। তারপরে বাকি ম্যাচ নিয়ে ভাবব। জানি আমার দল ভালো খেলছে, তবে লিগ ফরম্যাটের এই টুর্নামেন্টে যেকোনো দিন যেকোনো ফলাফল হতে পারে।” রবসন নিয়ে এখনই মুখ খুলতে নারাজ সার্জিও লোবেরা।লোবেরার সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ম্যাচের সেরা জেমি ম্যাকলারেন। হ্যাটট্রিক নিয়ে প্রশ্ন করা হলে তার বক্তব্য, “মোহনবাগানে যোগ দেওয়ার পর আমি বহুদিন অপেক্ষা করেছি এই দিনটির জন্য। আজ হ্যাটট্রিক সহ চার গোল করতে পেরে আমি খুশি। আমি আমার গোলসংখ্যা আরও বাড়িয়ে নিয়ে যেতে চাই। শেষবার অস্ট্রেলিয়ায় ব্রিসবেন ডার্বিতে আমি ৫ গোল করেছিলাম, তারপর এই ৪ গোলটাই আমার কাছে সেরা।”
