রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ল ইন্টার কাশী এফসি। শনিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের চলতি মরসুমে কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শীর্ষ লিগে জয় পেল তারা। এই জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে আপাতত ছয় নম্বরে উঠল হাবাসের ইন্টার কাশী।
প্রথমার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেললেও ৩৪ মিনিটে ম্যাচের মোড় ঘোরে। আলফ্রেড প্লানাসের বাড়ানো বল থেকে নাউরিস পেটকেভিচিউস জোরালো শটে দলকে এগিয়ে দেন। বিরতির আগে সমতা ফেরানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কেরালা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় কেরালা ব্লাস্টার্স। কিন্তু ইন্টার কাশীর গোলরক্ষক লুইস তারেস একাধিক সেভ করে দলকে ভরসা দেন। ৭৮ মিনিটে পেটকেভিচিউসের পাস থেকে প্লানাস গোল করে ব্যবধান ২-০ করেন। শেষ দিকে ভিক্টর বের্তোমেউ একটি গোল শোধ দিলেও সমতা ফেরাতে পারেনি কেরালা। দৃঢ় রক্ষণে ম্যাচ জিতে স্মরণীয় সন্ধ্যা উপহার দিল ইন্টার কাশী।
