Connect with us

ISL 2025/26: মুম্বইয়ের কাছে হার, শীর্ষস্থান খোয়াল মোহনবাগান

সায়ন প্রামানিক,কলকাতা: ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হতাশ করল মোহনবাগান। চলতি আইএসএলে প্রথম পরাজয়ের মুখে পড়ল তারা। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে হেরে শীর্ষস্থান হাতছাড়া করল সবুজ-মেরুন শিবির। ম্যাচের একমাত্র গোলটি ২৭ মিনিটে করেন নওফল।

ম্যাচের শুরুতে কিছুটা আগ্রাসী ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মুম্বই। মাঝমাঠে দখলদারিত্বের পাশাপাশি সুসংগঠিত রক্ষণে বারবার আটকে যায় মোহনবাগানের আক্রমণ। গোটা ম্যাচে ১৭টি কর্ণার পেলেও সেগুলিকে কাজে লাগাতে পারেননি দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেনরা।

প্রথমার্ধে বিশাল কাইথের একাধিক গুরুত্বপূর্ণ সেভ বড় ব্যবধানের হার থেকে দলকে রক্ষা করে। ২৩ মিনিটে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে দুর্দান্ত সেভ করেন তিনি। তবে চার মিনিট পরেই রক্ষণভেদ করে নওফল মুম্বইকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষদিকে কামিন্সের হেডার বাঁচিয়ে দেন মুম্বই গোলরক্ষক পূর্বা লাচেম্পা।

দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে রবসন রবিনহোকে নামিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ানোর চেষ্টা করেন কোচ সার্জিও লোবেরা। ৬০ মিনিটে নিশ্চিত সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন ম্যাকলারেন। কিছুক্ষণের মধ্যেই পেত্রাতোসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষ ১৫ মিনিটে একের পর এক আক্রমণ তুলেও মুম্বই রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় মোহনবাগান।

গোটা ম্যাচে পেত্রাতোস, লিস্টন কোলাসোদের নিষ্প্রভ পারফরম্যান্স এবং পরিকল্পনার ঘাটতিই হারের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, পিটার ক্র্যাটকির পরিকল্পিত ফুটবল ও দৃঢ় রক্ষণই তিন পয়েন্ট এনে দেয় মুম্বইকে।

এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে এল মুম্বই সিটি এফসি। অন্যদিকে, প্রথম হারের ধাক্কায় দ্বিতীয় স্থানে নেমে গেল মোহনবাগান। তাদের পরবর্তী ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা