রে স্পোর্টজের ওয়েবডেস্ক: বড় জয় নিয়েই আন্তর্জাতিক বিরতিতে পা রেখেছে ইস্টবেঙ্গল। মহামেডানকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর কয়েকদিনের জন্য ছুটি পেয়েছেন দলের কোচ অস্কার ব্রুজো সহ অধিকাংশ ফুটবলার। তবে এই ছুটির তালিকায় নেই কেভিন সিবিল্লে। তাকে বিশেষভাবে অনুশীলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে গিয়েছেন কোচ। শুধু নির্দেশ মেনে নয়, আসন্ন চেন্নাই ম্যাচে দলে ফেরার লক্ষ্যেই নিজের প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না ইস্টবেঙ্গলের এই আর্জেন্টাইন ডিফেন্ডার। প্রতিদিন নিয়ম মেনে দু’বেলা অনুশীলন করছেন তিনি।বৃহস্পতিবার মাঠে এসে সময় নষ্ট না করে সরাসরি প্র্যাকটিস কিট পরে নেমে পড়েন কেভিন। প্রথমে ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব সেশন করেন, এরপর ধীরে ধীরে বল নিয়ে কাজ শুরু করেন। এর মধ্যেই হঠাৎ বৃষ্টি নামলেও অনুশীলনে কোনও ছেদ পড়েনি। বৃষ্টির মধ্যেই নিজের ট্রেনিং চালিয়ে যান তিনি। পুরো মাঠ জুড়ে একাধিকবার দৌড়ানোর পাশাপাশি গতির উপর বিশেষ জোর দেন। লম্বালম্বি স্প্রিন্ট রানের মাধ্যমে নিজেকে ম্যাচ ফিট করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।অনুশীলন শেষে আসন্ন ম্যাচে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আত্মবিশ্বাসী কেভিন বলেন, “আমি এখন সম্পূর্ণ ফিট। মাঠে নামার জন্য তৈরি আছি। ১১ তারিখের ম্যাচে খেলার জন্য প্রস্তুত, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কোচই নেবেন।” এই মন্তব্যের পর হাসিমুখেই আইসবাথ নিতে যান তিনি।সব মিলিয়ে, দলের ছুটির মাঝেও নিজের প্রস্তুতিতে কোনও রকম ঢিলেমি রাখছেন না কেভিন, যা ইস্টবেঙ্গল শিবিরের জন্য নিঃসন্দেহে ইতিবাচক বার্তা।
