রে স্পোর্টজের ওয়েবডেস্ক : অতিথিকে উপহার হাতে পাঠান বাংলার ঐতিহ্য, আর সেই ঐতিহ্য বজায় রেখেই কেরালা ব্লাস্টার্স কে প্রথম পয়েন্ট উপহার দিল ইস্টবেঙ্গল। শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট ভাগ করে নিল দুই দল। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত আইএসএলের ম্যাচে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ১-১ ড্র করল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গোল করে কেরলাকে মরশুমের প্রথম পয়েন্ট এনে দেন মহম্মদ আজসল।
ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় অস্কার ব্রুজর দল। দশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইউসেফ এজ্জেজারি । বক্সের মধ্যে ইউসেফকে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। স্পটকিক থেকে আর্স আনোয়ারকে পরাস্ত করে সহজেই বল জালে জড়িয়ে দেন তিনি। তবে পেনাল্টিতে গোল করা ছাড়া সারা ম্যাচে প্রচুর গোল মিস করলেন ইউসেফ।গোল হজম করেও আক্রমণের ধার কমায়নি কেরল ব্লাস্টার্স। প্রথমার্ধের বাকি সময়ে তারা বারবার লাল হলুদ রক্ষণে চাপ তৈরি করলেও ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখান গিলের পারদর্শীতায় গোলের মুখ খুলতে পারেনি কেরালা।
দ্বিতীয়ার্ধে শুরুতেই সাউল ক্রেসপো কে পরিবর্তন করে লাল হলুদ কোচ অস্কার আর তাতেই সুবিধা পায় কেরালা। ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ হঠাৎ থমকে গেলে একপেশে আক্রমণ শুরু করে কেরালা ব্লাস্টার্স। ম্যাচের শেষ দিকে ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করার কৌশল শেষ মুহূর্তে ব্যর্থ হয় ইস্টবেঙ্গলের।
ইনজুরি টাইমে কর্নার থেকে আসা বলে নির্ভুল হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান আজসাল।এই গোলের পর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। ফলে শেষ পর্যন্ত ১–১ ফলে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে। ম্যাচ শেষে অস্কারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ইস্টবেঙ্গল জনতা। স্টেডিয়ামে ওঠে ‘গো ব্যাক অস্কার’ স্লোগান। এই ড্রয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রইল ইস্টবেঙ্গল।
