Connect with us

ISL 2025/26: জেমি–দিমির ম্যাজিকেই বিধ্বস্ত চেন্নাইয়ন

রে স্পোর্টস ওয়েব ডেস্ক : যুবভারতীতে প্রথমার্ধ জুড়ে চেন্নাই রক্ষণের উপর চাপ বাড়িয়েই রেখেছিল মোহনবাগান। জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোসের একের পর এক প্রচেষ্টা সত্ত্বেও গোলের মুখ খুলছিল না। ৯ মিনিটে ইমরান খানের বাড়ানো বলে ইনিগো মার্টিন সুযোগ নষ্ট না করলে এগিয়ে যেতে পারত চেন্নাইয়ন। অনিরুদ্ধ থাপার দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়। ২০ মিনিটে দিমিত্রির জোরালো প্রচেষ্টা রুখে দেন মহম্মদ নওয়াজ, পরে চোট পেয়ে তিনি মাঠ ছাড়লে নামেন শমিক মিত্র।

অবশেষে প্রথমার্ধের সংযোজিত সময়ে অনিরুদ্ধর লম্বা বল ধরে একক দক্ষতায় গোল করে যান ম্যাকলারেন।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সার্জিও লোবেরার দল। ৬৫ মিনিটে শুভাশিসের ভাসানো ক্রস থেকে দিমিত্রির নিখুঁত ফিনিশে ব্যবধান দ্বিগুণ হয়।

মরশুমের দ্বিতীয় ম্যাচেই গোলে ফিরলেন অজি তারকা। চেন্নাইয়ন এফসিকে ২-০ হারিয়ে ঘরের মাঠে আরও এক আত্মবিশ্বাসী জয় তুলে নিল সবুজ-মেরুন ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা