Connect with us

জল্পনা বাড়াচ্ছে ইরান

রে স্পোর্টজের প্রতিবেদন: ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক জল্পনার মধ্যেই স্পষ্ট বার্তা দিল এশিয়ার ফুটবল প্রশাসন। এখনও পর্যন্ত প্রতিযোগিতা থেকে ইরান সরে দাঁড়াচ্ছে এমন কোনও আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছেন এশীয় ফুটবল ফেডারেশনের সচিব দাতো উইন্ডসন জন। তাঁর বক্তব্য অনুযায়ী, “এশীয় ফুটবল সংস্থা সব সদস্য দেশের অংশগ্রহণই প্রত্যাশা করে এবং বর্তমানে ইরান বিশ্বকাপে খেলার প্রস্তুতিতেই রয়েছে।”

উইন্ডসন জন আরও বলেন, “বর্তমান পরিস্থিতি বেশ জটিল এবং নানা ধরনের মন্তব্য সামনে আসছে। তবে শেষ সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনই। এখনও পর্যন্ত ইরান জাতীয় ফুটবল দল তাদের অবস্থান পরিবর্তনের কোনও ইঙ্গিত দেয়নি।”
অন্যদিকে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা, পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি এক সাক্ষাৎকারে কঠোর মন্তব্য করে জানান, “দেশের বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে ইরানের অন্দরে। তাদের ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে তা কখনোই কাম্য নয়।” এরপরেই ফুটবল মহলে গুঞ্জন উঠেছিল হয়তো ইরান বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করবে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ সামাজিক মাধ্যমে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন।
সব মিলিয়ে পরিস্থিতি এখনও অনিশ্চিত হলেও আনুষ্ঠানিক ভাবে ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে এমন কোনও ঘোষণা আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা