রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বে আজ এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং হংকং। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচটি ভারতের জন্য কার্যত মর্যাদার লড়াই।
গ্রুপ পর্বে এখনও পর্যন্ত আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি ভারত। কয়েকটি ম্যাচে ড্র করলেও জয়ের দেখা না পাওয়ায় পয়েন্ট টেবিলের নিচের দিকেই অবস্থান করছে খালিদ জামিলের দল। ফলে আজকের ম্যাচে জয়ই একমাত্র লক্ষ্য ভারতীয় দলের। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে খালিদ জামিল বলেন, “এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। অতীত নিয়ে ভাবলে চলবে না। আমরা ভাল ফল করেই শেষ করতে চাই। দর্শকদের সমর্থন আমাদের খুব প্রয়োজন।”
অন্যদিকে, হংকং তুলনামূলকভাবে ভালো ছন্দে রয়েছে এবং গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে এখনও টিকে রয়েছে তারা। আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় পাওয়ায় তাদের আত্মবিশ্বাসও অনেকটাই বেশি। যদিও ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে নামবে ভারত। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে দল। মাঝমাঠে বলের দখল রাখা এবং সুযোগ তৈরি করাই হবে ভারতের মূল লক্ষ্য। রক্ষণভাগকেও সতর্ক থাকতে হবে হংকংয়ের দ্রুত পাল্টা আক্রমণের বিরুদ্ধে।
এই ম্যাচটি শুধু পয়েন্টের লড়াই নয়, বরং আত্মসম্মান ও ঘুরে দাঁড়ানোর এক বড় সুযোগ ভারতের কাছে। এখন দেখার, কোচির মাঠে সমর্থকদের উচ্ছ্বাসকে কতটা কাজে লাগাতে পারে ভারতীয় দল।
