রে স্পোর্টজের প্রতিবেদন: তৃতীয় ডিভিশন আই লিগ জিতে এ বছরই দ্বিতীয় ডিভিশনে উঠেছিল ডায়মন্ড হারবার এফসি। নতুন মরসুমে বড় চ্যালেঞ্জের শুরুটা কিন্তু সুখকর হল না কিবু ভিকুনার দলের। কল্যাণী স্টেডিয়ামে লড়াই করেও ১-০ গোলে হার মানতে হল শ্রীনিধি ডেকান এফসি-র কাছে। ম্যাচের একমাত্র গোলটি করেন ফেব্রিস কা আকুনহা।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলছিল। প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ডায়মন্ড হারবার। বিরতির আগে গোলশূন্যই ছিল স্কোরলাইন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরে। কর্নার থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে ধীরাজ প্রথম শট ঠেকালেও ফিরতি বলে গোল করেন ফেব্রিস। পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে ডায়মন্ড হারবার। ৭১ মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু শ্রীনিধির গোলরক্ষক আরিয়ান লাম্বা দুর্দান্ত সেভ করে সমতা ফেরানোর আশা ভেঙে দেন। শেষ পর্যন্ত চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি ডিএইচএফসি। নতুন লিগে তাই শুরুটা হল হতাশার।
