Connect with us

শিরোপা নিয়ে বিতর্ক, আইনি লড়াইয়ে নামল সেনেগাল

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : মাঠে জেতা শিরোপা টেবিলের সিদ্ধান্তে হাতছাড়া—এই বিতর্কেই তোলপাড় আফ্রিকান ফুটবল মহল। আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনাল ঘিরে নজিরবিহীন এই ঘটনায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

গত ১৮ জানুয়ারি ফাইনালে সেনেগাল ১-০ গোলে হারায় মরক্কোকে। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে শুরু হয় বিতর্ক। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি পায় মরক্কো। সেই সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান সেনেগালের ফুটবলাররা। প্রায় ১৭ মিনিট খেলা বন্ধ থাকার পর সাদিও মানের অনুরোধে ফের মাঠে নামে দল। পুনরায় খেলা শুরু হলে অতিরিক্ত সময়ে পেপ গুইয়ের গোলে জয় নিশ্চিত করে শিরোপা উল্লাসে মাতে সেনেগাল।

তবে প্রায় দু’মাস পরে সম্পূর্ণ উল্টে যায় পরিস্থিতি। আফ্রিকান ফুটবল কনফেডারেশন জানায়, পেনাল্টির আগে সেনেগাল দলের আচরণ টুর্নামেন্টের ৮২ ও ৮৪ নম্বর ধারার পরিপন্থী। সেই কারণে ম্যাচটি সেনেগালের বিরুদ্ধে পরিত্যক্ত ঘোষণা করে ৩-০ ব্যবধানে মরক্কোকে বিজয়ী ও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে সেনেগাল। তাদের দাবি, এই রায় বাতিল করে তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক। পাশাপাশি, পূর্ণাঙ্গ ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আপিল প্রক্রিয়ার সময়সীমা স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে।

এদিকে, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সেনেগাল সরকারও। নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়েছে। নিজেদের অবস্থান স্পষ্ট করতে প্যারিসে সাংবাদিক বৈঠক ডাকছেন ফেডারেশনের আইনজীবীরা।

সব মিলিয়ে, এই বিতর্ক এখন আন্তর্জাতিক ফুটবলের অন্যতম বড় আইনি লড়াইয়ে পরিণত হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা