সৌরভ রায়, মুম্বই:: টানটান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দলকে সাত রানে হারিয়ে ফাইনালে উঠল ভারতীয় ক্রিকেট দল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। সঞ্জু স্যামসনের ৮৯ রানের ইনিংসে ভর করে ২৫৪ রানের বিশাল লক্ষ্য রাখে ভারতীয় দল। সেমিফাইনালের মতো মঞ্চে এত বড় রানের চাপ ইংল্যান্ডের লড়াই কঠিন করে তুলবে,এই আশাতেই ছিলেন ভারতীয় দর্শকেরা।
তবে দ্বিতীয় ইনিংসে পাল্টা লড়াই করল ইংল্যান্ড। ম্যাচের শেষ ওভারে ইংল্যান্ডের জেতার জন্য দরকার ছিল ৩০ রান, কিন্তু ২২ রানেই থেমে যায় তারা। ফলে ৭ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে পুরে নেয় ভারত।
ইংল্যান্ড টসে জিতে ব্যাট করতে পাঠায় ভারতকে। সেমিফাইনালের মঞ্চেও জ্বলে উঠলেন আগের ম্যাচের নায়ক সঞ্জু স্যামসন। ৮টি চার ও ৭টি ছয়ে ৪২ বলে ৮৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। অভিষেক শর্মা ব্যর্থ হলেও, ১৮ বলে ৩৯ রানের দ্রুত ইনিংস খেলেন ঈশান কিষাণ। ২৫ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে সঞ্জুকে যোগ্য সঙ্গ দেন শিবম দুবে। ১টি চার ও ৪টি ছয়ে নিজের ইনিংস সাজান তিনি। হার্দিক পান্ডিয়ার ১২ বলে ২৭ এবং তিলক বর্মার ৭ বলে ২১ রানের ওপর ভর করে শেষ পাঁচ ওভারে দ্রুত রান তোলে ভারত। ৭ উইকেটের বিনিময়ে ২৫৩ রান করে ভারতীয় দল।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন উইল জ্যাক্স এবং আদিল রশিদ।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মোটেই ভালো শুরু করতে পারেনি ইংল্যান্ড। হার্দিক পান্ডিয়া দ্রুতই ফিল সল্ট (৫)কে আউট করে সাজঘরে ফেরান। রান পাননি আগের ম্যাচের নায়ক হ্যারি ব্রুক (৭)। ১৭ বলে ২৫ রানের স্লত ইনিংস খেলে বরুণ চক্রবর্তীর শিকার হন জস বাটলার। তবে এরপরই মাঠে শুরু হয় জেকব ব্যাথেলের তাণ্ডব। ৪৮ বলে ১০৫ রান করেন তিনি। শেষ ওভারে রানআউট না হলে ম্যাচ জিতিয়েও দিতে পারতেন তিনি। উইল জ্যাক্স (৩৫) এবং স্যাম কারেন (১৮)কে সঙ্গে নিয়ে ইংল্যান্ডকে জয়ের খুব কাছে পৌঁছে দেন জেকব। শেষ ওভারে জোফ্রা আর্চার তিনটি ছয় মেরে চেষ্টা করলেও জয়ের থেকে ৭ রান দূরেই থামতে হয় ইংল্যান্ডকে।জসপ্রীত বুমরাহর করা ১৮তম ওভারে মাত্র ৬ রান দেওয়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।
ম্যাচ জিতে পরপর দ্বিতীয়বার ফাইনালে প্রবেশ করল ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হন সঞ্জু স্যামসন।৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামমে ফাইনালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের মুখোমুখি হতে চলেছে ভারত।
