রে স্পোর্টজের প্রতিবেদন: রঞ্জি ট্রফির সেমিফাইনালে তৃতীয় দিনেই চাপে পড়ে গেল বাংলা দল। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে কার্যত ম্যাচের রাশ হারাল বাংলা।সকালে ১৯৫ রানে ৫ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামে জম্মু-কাশ্মীর।
প্রথম ইনিংসে বল হাতে সাফল্যের পর ব্যাট হাতেও উজ্জ্বল আকিব নবি, ৫৪ বলে করেন গুরুত্বপূর্ণ ৪২ রান। যুধভির সিং যোগ করেন ৪২ বলে ৩৩। শেষ পর্যন্ত ৩০২ রানে শেষ হয় কাশ্মীরের ইনিংস।বাংলার হয়ে বল হাতে আজ জ্বলে ওঠেন মহম্মদ সামি।২২.১ ওভার বল করে মাত্র ৯০ রান দিয়ে ৮ উইকেট শিকার করেন সামি।সামির বোলিংয়ে ভর করেই ২৩ রানের লিড নেয় বাংলা।বেশ কয়েকদিন ভারতীয় দল থেকে দূরে তিনি,এবারও কি চোখে পরবেনা জাতীয় দলের নির্বাচকদের, প্রশ্ন ক্রিকেট মহলে?
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ধস নামে বাংলার ব্যাটিংয়ে।
সুদীপ চট্টোপাধ্যায় ও সুদীপ কুমার ঘরামী দু’জনেই শূন্য রানে ফেরেন, ঈশ্বরণ করেন মাত্র ৫। দুই ওপেনারকেই ফেরান আকিব নবি। শাহবাজ আহমেদের ২৫ বলে ২৪ রান ছাড়া কেউ ২০-র গণ্ডি পেরোতে পারেননি। আকিব নবি ও সুনীল কুমার নেন ৪টি করে উইকেট। দিনের শেষে ৪৩ রান করেছে জম্মু-কাশ্মীর, হাতে ৮ উইকেট। জয়ের জন্য প্রয়োজন আর ৮৩ রান। শেষ দুই দিনে অঘটন না ঘটলে ফাইনালের স্বপ্ন ভেঙে যেতে চলেছে বাংলার।
