Connect with us

ভারতকে খোঁচা পাকিস্তানের, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নামার আগে ফের ভারতকে খোঁচা পাকিস্তানের। করমর্দন বিতর্কের জের এখনো যে কাটিয়ে উঠতে পারেনি মহসিন নকভির বোর্ড তা আরো একবার স্পষ্ট হয়ে গেল এই ঘটনায়।

বিশ্বকাপের নামার আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। চলতি মাসের শেষেই তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই কারণেই একটি প্রোমো প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার এক নাগরিক পাকিস্তানে গেছেন। তাকে নৈশভোজে আমন্ত্রণ করেছেন পাক অধিনায়ক সালমান আলী আঘা। তারপর তার খাবার খরচ মিটিয়ে দিয়ে আঘা বলেন, “আপনি আমার অতিথি, আপনাকে কি করে বিল দিতে দিই?” উত্তরে অস্ট্রেলিয়ার সেই নাগরিক জানান যে পাকিস্তানের আতিথেয়তায় তিনি মুগ্ধ। এরপরেই দেখা যায় একটি ট্যাক্সি চড়ে নিজের হোটেলে ফিরছেন সেই পর্যটক। সেখানেও তার থেকে ভাড়া নিতে অস্বীকার করেন ট্যাক্সি চালক। কিন্তু যখন সেই ব্যক্তি গাড়ি থেকে নেমে যাচ্ছেন তখন তাকে উদ্দেশ্য করে গাড়ির চালক বলেন, “আপনি হাত মেলাতে ভুলে গেলেন। মনে হয় প্রতিবেশী দেশে বেশ কদিন থেকেছেন!” সরাসরি ভারতের নাম না নিলেও এই খোঁচা যে ভারতকে উদ্দেশ্য করেই তা স্পষ্ট। প্রসঙ্গত গত বছর পহেলগাঁও হামলার জেরে ভারতের পাল্টা অপারেশন সিঁদুরের পর, ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল এশিয়া কাপ প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতার মঞ্চেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। এই নিয়ে চলেছিল দীর্ঘ বিতর্ক। এরপর এশিয়া কাপ জিতে মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন তারা। সেই ট্রফি যদিও আজও পায়নি ভারত। ভারতের শাস্তি চেয়ে আইসিসির দ্বারস্থও হয়েছিল পাকিস্তান। এমনকি ম্যাচ রেফারির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু সে ক্ষেত্রে ক্রিকেটের নিয়ম অনুযায়ী দুই দেশের ক্রিকেটারদের মধ্যে করমর্দন শুধুমাত্র সৌজন্যমূলক বিনিময়, যা একেবারেই বাধ্যতামূলক নয়, এমনটাই জানিয়েছিল আইসিসি। স্বাভাবিকভাবেই পাকিস্তানের অভিযোগ ধোপে টেকেনি। তবে এবার সুযোগ পেয়েই পাল্টা ভারতকে খোঁচা দিতে ছাড়ল না পাকিস্তান।

আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত আয়োজক দেশ হলেও পাকিস্তানের সব ম্যাচগুলি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সেখানেই পাকিস্তানের সঙ্গে খেলতে উড়ে যাবেন ভারতীয় ক্রিকেটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা