রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের যোগ দেওয়ায় ক্রিকেটারদের কড়া বার্তা পাক ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নকভির। পাকিস্তানের পক্ষ থেকে রীতিমত হুমকির সুরে জানানো হয়েছে কড়া পদক্ষেপ নেওয়া হবে ক্রিকেটারদের বিরুদ্ধে যারা আইপিএলে যোগদান করছে। এই তালিকায় রয়েছেন ব্লেসিং মুজারাবানি সহ আরো অনেকেই।
আইপিএল নিলামে প্রথমে কোন দলের জায়গা হয়নি জিম্বাবুয়ের পেসার মুজারাবানির। তখন ইসলামাবাদ ইউনাইটেডে সই করেন তিনি পাকিস্তান সুপার লিগ খেলার জন্য। কিন্তু এরপর বিসিসিআইয়ের নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। তারপরেই মুজারাবানিকে কেকেআরের যোগ দেওয়ার প্রস্তাব দেয় টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই আইপিএলের যোগ দিতে আগ্রহ দেখান জিম্বাবুয়ের পেসার। ফলে পাকিস্তান সুপার লিগ খেলতে পারবেন না তিনি। এই একই কাজ করেছেন শ্রীলংকার অধিনায়ক দাসুন শনকা। আইপিএলের আগেই চোট পেয়েছেন স্যাম কারেন। তাই আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে পারবেন না তিনি। তার জায়গায় রাজস্থান দলে নিয়েছে শনকাকে। এর আগে আইপিএলের কোন দলই জায়গা দেয়নি তাকে। তখন পাকিস্তান সুপার লিগ খেলার জন্য লাহোর কলন্দরসে সই করেছিলেন তিনি। কিন্তু স্বাভাবিকভাবেই আইপিএলে সুযোগ পেয়ে পিএসএল ছেড়ে তিনিও চলে এসেছেন। আর পরপর এই দুটি ঘটনায় চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে মহসিন নকভি জানিয়েছেন নিয়ম মেনেই ক্রিকেটারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পাকিস্তান। “আইপিএল এবং পিএসএল দুটি আলাদা লীগ। তাই একই সময় হওয়া নিয়ে কোন অসুবিধাই নেই। আলাদা আলাদা ক্রিকেটাররা এই দুই লীগে অংশ নিয়ে থাকেন। আমরা কোন প্রতিযোগিতায় যেতে চাই না তবে আমাদের দেশের লীগের মর্যাদা যাতে রক্ষা করা হয় সেই বিষয়ে আমরা সোচ্চার হব। গত বছর করবিন বশ এই একই কাজ করেছিলেন। শাস্তি হিসেবে তাকে আগামী এক বছরের জন্য পাকিস্তান সুপার লিগ থেকে নির্বাসিত করা হয়েছিল। এবারও আমরা কড়া পদক্ষেপ নেব” বলেন তিনি।
প্রসঙ্গত গুড়াকেশ মোতি, জেক-ফ্রেজ়ার ম্যাকগার্ক, ওটনেল বার্টম্যান ও স্পেনসার জনসন চার ক্রিকেটারের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিতে পারে পাকিস্তান। প্রথমে পি এস এল এর যোগদান করলেও পরবর্তীকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই প্রতিযোগিতা থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন তারা। ফলে স্বাভাবিকভাবেই যদি বাকি দুই ক্রিকেটারকে শাস্তি দিতে হয় তাহলে এদেরকেও সেই আওতায় আনতে বাধ্য পাক ক্রিকেট বোর্ড।
