রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কিছুদিন আগেও কাশ্মীর শুনলেই মনে আসত কিছু অশান্ত এবং অস্বস্তিকর চিত্র। কাশ্মীর বরাবরই খবরের শিরোনামে থেকেছে কিছু নেতিবাচক কারণে। এবার ভারতীয় ক্রিকেট মানচিত্রে উঠে এলো কাশ্মীরের নাম, রঞ্জি সেমিফাইনালে বাংলাকে হারিয়ে ফাইনালে পদার্পণ করে জম্মু-কাশ্মীর ক্রিকেট দল উঠে এলো খবরের শিরোনামে। অন্যদিকে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে সুদীপ কুমার ঘরামীর বাংলাকে।
কাল তৃতীয় দিনে বাংলার ব্যাটিং বিপর্যয় দেখেছিল ক্রিকেট দর্শকেরা। দিনশেষে জম্মু-কাশ্মীর টিম সাজঘরে ফিরেছিল ৪৩ রানে, হাতে আট উইকেট নিয়ে। জয়ের জন্য আজ প্রয়োজনীয় ৮৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে জম্মু-কাশ্মীর। শামির ফর্ম যদিও কিছুটা আশায় রেখেছিল বাংলা ক্রিকেট দলের সমর্থকদের। দিনের শুরুতে শুভম পুন্ডির উইকেট নিয়ে সেই আশা জাগিয়ে তোলে শামি। এর পর আকাশদীপ সাজঘরে ফেরায় জম্মু-কাশ্মীর অধিনায়ক পারশ ডোগরাকে। এর পর অঘটনের আশায় বুক বেঁধেছিল বাংলা সমর্থকেরা, তবে সেই আশা শেষ হয়ে যায় বংশজ শর্মা ও আব্দুল সামাদের দুরন্ত যুগলবন্দীতে।
বংশজ ম্যাচ শেষে অপরাজিত থাকেন ৪৩ রানে, আব্দুল সামাদ করেন অপরাজিত ৩০ রান। ৩৪.৪ ওভারে ৪ উইকেটে ১২৬ রান তুলে ম্যাচ জিতে নেয় পারশ ডোগরার দল।
বাংলার ক্রিকেটে হতাশা অব্যাহত থাকল। অন্যদিকে, অবিশ্বাস্য ক্রিকেট খেলে রঞ্জির ফাইনালে উঠে দেশের বাইশ গজের মানচিত্রে জায়গা করে নিল ভূ-স্বর্গের রাজ্য।
