Connect with us

IPL 2026: মুম্বইয়ে সকল আইপিএল অধিনায়কদের বৈঠকে চাঁদের হাট,নতুন দিকনির্দেশনা দিল বিসিসিআই

রে স্পোর্টজের প্রতিবেদন: ২০২৬ সালের আইপিএল মরশুম শুরু হওয়ার প্রাক্কালে একাধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই। বুধবার মুম্বইয়ে সব ফ্র্যাঞ্চাইজির অধিনায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ম্যাচ পরিচালনা এবং ম্যাচ-ডে সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়। বোর্ডের সদর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি প্যানেলের প্রধান জাভাগল শ্রীনাথ এবং আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার নীতিন মেনন। বৈঠকের অন্যতম আকর্ষণ ছিল, প্রতিটি দলের অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটারদের উপস্থিতি।বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল বহুল আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। বোর্ড জানিয়ে দেয়, অন্তত ২০২৭ সাল পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। যদিও বেশ কয়েকজন অধিনায়ক এই নিয়ম নিয়ে আপত্তি তুলেছেন। ম্যাচ চলাকালীন খেলোয়াড় বদলের সুযোগ থাকায় ক্রিকেটের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং অলরাউন্ডারদের ভূমিকা কমে যাচ্ছে—এমন মত প্রকাশ করেন অনেকেই। পাশাপাশি শিশিরের কারণে বল পরিবর্তনের নিয়ম নিয়েও আলোচনা হয়। প্রথম ইনিংসেও এই নিয়ম চালুর প্রস্তাব উঠলেও তা খারিজ করে দেয় বিসিসিআই। বোর্ডের মতে, শিশিরের প্রভাব মূলত দ্বিতীয় ইনিংসেই বেশি দেখা যায়। এছাড়া অনুশীলন সংক্রান্ত নতুন নির্দেশিকাও ঘোষণা করা হয়েছে। ম্যাচের দিন কোনও দলকে পিচে অনুশীলনের অনুমতি দেওয়া হবে না এবং নির্ধারিত সময়ের আগেই প্র্যাকটিস শেষ হলেও প্রতিপক্ষ সেই উইকেট ব্যবহার করতে পারবে না। ম্যাচের গতি ও শৃঙ্খলা বজায় রাখতে অধিনায়কদের উপর আরও দায়িত্ব আরোপ করা হয়েছে।সবদিক বিবেচনায়, আসন্ন মরশুমের আগে নিয়ম-কানুন ও প্রস্তুতি নিয়ে স্পষ্ট বার্তা দিল বিসিসিআই, যা টুর্নামেন্টকে আরও সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা