রে স্পোর্টজ ওয়েবডেস্ক: ওম্যান এশিয়ান কাপ রাইজিং স্টার্স ২০২৬ প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে জায়গা করে নিল ভারতীয় মহিলা এ ক্রিকেট দল। শুক্রবার ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা মহিলা এ দলকে ৫ উইকেটে হারাল তারা।
টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ভারত। ১৯.৪ ওভারে ১১৮ রানে ইনিংস শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। বল হাতে নেতৃত্ব দেন অধিনায়ক রাধা যাদব, তিনি নেন ৪ উইকেট। প্রেমা রাওয়াত ও তানুজ কানওয়ার নেন দুটি করে উইকেট। প্রেমা ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন নিজের ঝুলিতে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন সাঞ্জনা কাভিন্ডি।জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ভঙ্গিতে লক্ষ্য তাড়া করে ভারত। ভৃন্দা দিনেস ২০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন। রাধা যাদব ১৮ বলে অপরাজিত ৩১ রান করে দলকে জয়ের কাছে পৌঁছে দেন। মাত্র ১৩.৩ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারতীয় মেয়েরা।
এবার ২২শে ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিরুদ্ধে ফাইনালে নামবে ভারতীয় মহিলা এ দল।
