রে স্পোর্টজ ওয়েবডেস্ক: টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই প্রশমিত। দুই দেশের বোর্ডের মধ্যে মতভেদ থেকে শুরু করে কূটনৈতিক স্তরেও চাপা টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যেতে পারে ভারতীয় দল।আগে নির্ধারিত সূচি অনুযায়ী তিনটি টি–টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলার কথা ছিল দুই দলের মধ্যে। কিন্তু নানা কারণে সেই সফর স্থগিত হয়ে যায়। আইপিএলে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে বিতর্ক এবং বিশ্বকাপ ঘিরে নানা ঘটনার পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক বেশ শীতল হয়ে পড়েছিল বলে মনে করেছিল ক্রিকেট মহল।এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতিও সেই পরিবর্তনে ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রাক্তন ফুটবলার আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের ক্রীড়া সম্পর্ক আরও সুদৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে ভারত–বাংলাদেশ ক্রিকেট আবার আগের ছন্দে ফিরতে পারে বলেই আশাবাদী অনেকেই।
