রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মরণ বাঁচন ম্যাচের মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। রবিবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতেন না পারলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন সূর্যকুমার যাদবরা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিবারের মতই এবারও মা কালীর দ্বারস্থ হলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। ঠাকুরের প্রতি আস্থা গম্ভীরের যে কতখানি তা প্রায় সবাই জানে। যে কোনো শহরে গেলেই ম্যাচ খেলার আগে সেখানকার বিখ্যাত মন্দিরে পুজো দিতে যান তিনি। এর আগেও কলকাতার ম্যাচ খেলতে এসে কালীঘাটে গেছেন ভারতের কোচ। আর এবারেও তার অন্যথা হল না। রবিবার সুপার এইট পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটি কোয়ার্টার ফাইনালের তকমা দেওয়াই যায়। কারণ এই ম্যাচে জিততে পারলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিতে পারবেন সূর্যকুমার যাদবরা। আর এই ম্যাচে হেরে গেলে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হবে বিশ্বকাপের মঞ্চ থেকে। তাই মরণ বাঁচল লড়াইয়ে নামার আগে মা কালীর আশীর্বাদ নিয়েই শুরু করতে চাইছেন গম্ভীর। প্রসঙ্গত শুক্রবার রাতে গোটা দল নিয়ে শহরে পৌঁছেছেন তিনি। কথা ছিল সেদিনই কালীঘাট মন্দিরে দর্শন করতে যাবেন। কিন্তু শুক্রবার রাতের পরিবর্তে শনিবার সকালে কালীঘাট মন্দিরে দর্শনে যান গৌতম গম্ভীর। গোটা দলের ভালো ফলাফলের জন্য প্রার্থনা করেন তিনি। দেখা যায় বেশ কিছুক্ষণ আরতিতে মগ্ন ভারতের হেড কোচ। আর তারপর কপালে লম্বা গেরুয়া তিলক কেটে মন্দির থেকে বেরিয়ে আসতেও দেখা যায় তাকে। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। প্রসঙ্গত বিশ্বকাপের শুরু থেকে ছন্দে ছিলেন না তিলক বর্মা এবং অভিষেক শর্মা। ইতিমধ্যেই খারাপ ফর্মের জন্য দল থেকে বাদ পড়েছেন শুভমন গিল। তাই অভিষেক এবং তিলকের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের জয়ের রাস্তা। তবে জিম্বাবোয়ে ম্যাচে দুজনকেই পাওয়া গেছে চেনা ছন্দে। এখন দেখার রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সেই ফর্ম ধরে রাখতে পারেন কিনা দুজনে।
