রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : একটি বিশ্বকাপ শেষ হতেই আর এক বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। সদ্য বিশ্বজয়ের উচ্ছ্বাসের মধ্যেই পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তাঁর নজর এখন ২০২৭ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে।
ওই বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। যুগ্ম আয়োজক হিসেবে থাকবে নামিবিয়া এবং জিম্বাবোয়ে। দক্ষিণ আফ্রিকার উইকেটে গতি ও বাউন্স— দুটিই থাকে। তাই শুরু থেকেই পরিকল্পনা সাজাতে চাইছে ভারতীয় শিবির। গম্ভীর জানিয়েছেন, আইপিএল শেষ হওয়ার আগেই বিশ্বকাপের জন্য একটি প্রাথমিক রূপরেখা তৈরি হয়ে যাবে।
গম্ভীর বলেন, “২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা আইপিএলের মধ্যেই হয়ে যাবে। আইপিএল ২০২৬ এবং বিশ্বকাপের মধ্যে আমাদের হাতে ২৫ থেকে ৩০টি এক দিনের ম্যাচ রয়েছে। এখন পঞ্চাশ ওভারের ক্রিকেট খুব বেশি খেলা হয় না। আমরা যত তাড়াতাড়ি পরিকল্পনা শুরু করব, আমাদের জন্য ততই ভাল।”
দক্ষিণ আফ্রিকার কঠিন পরিবেশ নিয়ে সতর্ক গম্ভীর। তাঁর কথায়, “দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলার জন্য সহজ জায়গা নয়। আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে বার করতে হবে এবং সেই পরিবেশের জন্য উপযুক্ত ক্রিকেটারদের চিহ্নিত করতে হবে। নির্বাচক ও কোচেরা মিলেই এই কাজ করবেন।”
আগামী ১৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় দিয়ে শুরু হবে ভারতের প্রস্তুতি। তার পর একই ফরম্যাটে সিরিজ় খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। সেই ম্যাচগুলিতে নজর থাকবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্সের দিকেও।
