Connect with us

ভারতকে আনতে মরিয়া বিসিবি

রে স্পোর্টজের প্রতিবেদন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত সিরিজ বাতিল করল বাংলাদেশ। চলতি বছরের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে লিটন দাসদের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে আয়ারল্যান্ডের প্রকাশিত নতুন সূচিতে এই সিরিজের উল্লেখ না থাকায় কার্যত তা স্থগিত হয়ে গেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে খবর, একই সময়ে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সম্ভাব্য সিরিজ থাকায় সূচিতে জটিলতা তৈরি হয়। বিসিবির এক কর্তার কথায়, “ভারতের বিরুদ্ধে সিরিজ থাকায় আমরা আয়ারল্যান্ডকে অন্য সময়ে খেলার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তা সম্ভব হয়নি। তাই আপাতত সিরিজ স্থগিত করা হয়েছে।” যাতায়াত সংক্রান্ত সমস্যাও এই সিদ্ধান্তের পিছনে ভূমিকা রেখেছে বলে জানা গিয়েছে।

তবে এই সিদ্ধান্তের নেপথ্যে কূটনৈতিক ইঙ্গিতও দেখছেন অনেকে। আগের সরকারের সময় ভারতের বিরুদ্ধে যে দূরত্ব তৈরি হয়েছিল, নতুন প্রশাসনের আমলে তা কিছুটা শিথিল হচ্ছে বলেই মনে করা হচ্ছে। ক্রিকেট সেই সম্পর্ক স্বাভাবিক করার অন্যতম মাধ্যম হতে পারে বলেও মত ক্রীড়ামহলের একাংশের।

২০২৫ সালে ভারতের বাংলাদেশ সফর রাজনৈতিক অস্থিরতার কারণে ভেস্তে যায়। তবে এ বছর সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও ভারত সরকার শেষ পর্যন্ত সেই সফরে অনুমতি দেয় কি না, তা এখনও স্পষ্ট নয়।এদিকে, ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকা বাংলাদেশের জন্য ম্যাচ খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে নবম স্থানে থাকা বাংলাদেশ যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে, ততই তাদের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা