রে স্পোর্টজের প্রতিবেদন: গোলশূন্য প্রথমার্ধের পর নাটকীয় দ্বিতীয়ার্ধ—শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে এফএ কাপের ফাইনালে জায়গা করে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেমি-ফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারাল পেপ গার্দিওলার দল।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে প্রভাব বিস্তার করে সিটি। প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে ২৪টি শট নেয় তারা, যার ৬টি ছিল লক্ষ্যভেদী। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি সিটিজেনরা। সাউদাম্পটন রক্ষণ সামলে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা চালায়।
দ্বিতীয়ার্ধেও একই ছবি দেখা গেলেও আচমকাই ম্যাচের ৭৯ মিনিটে এগিয়ে যায় সাউদাম্পটন। ডি-বক্সের বাইরে থেকে ফিন অ্যাজাজের জোরালো শট সিটিকে চমকে দেয়। তবে পিছিয়ে পড়েও খেই হারায়নি গার্দিওলার দল। তিন মিনিটের মধ্যেই জবাব দেন জেরেমি ডকু—তার শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।
ম্যাচের গতি তখন পুরোপুরি সিটির দখলে। ৮৭ মিনিটে নিকো গনজালেজের শক্তিশালী শটে এগিয়ে যায় তারা। শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি ডকু।
এই জয়ের ফলে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠল ম্যান সিটি, যা এক অনন্য রেকর্ড। তবে গত দুইবার শিরোপা হাতছাড়া হওয়ায় এবার অষ্টম ট্রফির লক্ষ্যে নামবে তারা। অন্য সেমি-ফাইনালে চেলসি ও লিডসের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে সিটি ফাইনালে।
