Connect with us

ISL 2025/26: বিতর্কিত রেফারিং! সজবার্গের শেষ মুহুর্তের গোলে ম্যাচ বাঁচাল ইস্টবেঙ্গল

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ম্যাচের পরতে পরতে নাটক! বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও রুদ্ধশ্বাস ড্র করল ইস্টবেঙ্গল। ম্যাচের ফলাফল ৩-৩। শেষ মুহুর্তের গোলে ম্যাচ বাঁচাল লাল-হলুদ ব্রিগেড। বিতর্কিত রেফারিং আর মিগুয়েলের লাল কার্ড এদিনের ম্যাচে বাড়তি উন্মাদনা যোগ করে দিল। বেঙ্গালুরু এফসির হয়ে গোল করলেন আশিক কুরুনিয়ান, সুরেশ সিং এবং রায়ান উইলিয়ামস। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন আনোয়ার আলি, সউল ক্রেসপো এবং অ্যান্টন সজবার্গ। প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিগুয়েল। দশ জনে লড়াই করেও শেষ পর্যন্ত এক পয়েন্ট ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।

ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই আশিক কুরুনিয়ানের করা গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। মাঝমাঠ থেকে বাড়ানো লম্বা বল ধরে একক দক্ষতায় বিপিনকে পরাস্ত করে গোলমুখী দূরপাল্লার শট রাখেন আশিক। শরীর ছুঁড়ে দিয়েও দলের পতন রোধ করতে পারেননি প্রভসুখন গিল। ২১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান আনোয়ার আলি। মিগুয়েলের কর্ণার থেকে দুর্দান্ত ব্যাক ভলিতে বল জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ২৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিগুয়েল। এডমুন্ডকে ফাউল করা নিয়ে ঘটনার সূত্রপাত। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন তিনি। ঘটনার রেশ গড়ায় সাইডলাইন পর্যন্ত। প্রতিপক্ষ ডাগ আউটে কোচ এবং সাপোর্ট স্টাফেদের ধাক্কা মেরে শাস্তির মুখে পড়েন মিগুয়েল। মাঠ ছাড়ার সময়েও ক্ষোভ উগরে দেন মিগুয়েল। ৩৯ মিনিটে ফের বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন সুরেশ সিং ওয়াংঝাম। রায়ান উইলিয়ামসের ক্রস প্রথম প্রচেষ্টায় তালুবন্দি করতে পারেননি গিল। ফিরতি বল জালে জড়িয়ে দেন সুরেশ। ফলে প্রথমার্ধের শেষে ২-১ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে যায় লাল-হলুদ ব্রিগেড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বেঙ্গালুরু এফসি। ৫৪ মিনিটের মাথায় বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি কিক পেয়েও গোল করতে পারেননি সুনীল ছেত্রী। পরের মিনিটেই গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান সউল ক্রেসপো। ৭২ মিনিটে আবারও একবার বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। ম্যাচ যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক হয়ে উঠেছে ইস্টবেঙ্গল। কিন্তু সুযোগ তৈরি করেও কাজের কাজ করতে পারেনি তারা। ম্যাচের বয়স যখন ৮২ মিনিট, একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে গোল থেকে বেরিয়ে এসে দলের পতন রোধ করেন গিল। সংযোজিত সময়ে সজবার্গের গোলে ফের সমতা ফেরায় ইস্টবেঙ্গল। গোল করে হলুদ কার্ড দেখলেও, দলের হয়ে এক পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা