Connect with us

যুবরাজের জার্সি ডাস্টবিনে, সেখান থেকেই ব্রডের ঘুরে দাঁড়ানো

রে স্পোর্টজের প্রতিবেদন: ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত—এক ওভারে ছয় ছক্কা। সেই কীর্তির নায়ক যুবরাজ সিং এবার তুলে ধরলেন ঘটনাটির এক অজানা দিক। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর তাঁর সই করা জার্সি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড—সম্প্রতি এমনটাই জানতে পেরেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন ফেলেছিলেন যুবরাজ। সম্প্রতি মাইকেল ভনের সঙ্গে এক আলাপচারিতায় সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি জানান, ম্যাচের পর ব্রডের বাবা ক্রিস ব্রড তাঁর কাছে এসে মজার ছলে বলেছিলেন, “তুমি প্রায় আমার ছেলের ক্যারিয়ার শেষ করে দিয়েছিলে।” জবাবে যুবরাজও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন—তিনিও একবার পাঁচটি ছক্কা খেয়েছিলেন।

এরপর ক্রিস ব্রডের অনুরোধে স্টুয়ার্টের জন্য একটি জার্সিতে সই করেন যুবরাজ। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমিও পাঁচটি ছক্কা খেয়েছি, কেমন লাগে জানি। আশা করি তুমি একদিন সেরাদের একজন হবে।’

তবে সেই জার্সির পরিণতি পরে শুনে অবাক হন যুবরাজ। তাঁর কথায়, ক্রিস ব্রড যখন জার্সিটি ছেলেকে দেন, তখন রাগের মাথায় সেটি ডাস্টবিনে ফেলে দেন স্টুয়ার্ট। যুবরাজ মনে করেন, সেই প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক ছিল।

তবে সেই হতাশাই পরবর্তীতে শক্তিতে পরিণত করেন ব্রড। যুবরাজের মতে, ওই ঘটনার পর নিজেকে বদলে ফেলে ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার হয়ে ওঠেন তিনি, টেস্ট ক্রিকেটে ছয় শতাধিক উইকেট নিয়ে গড়েন উজ্জ্বল কেরিয়ার।

যুবরাজের বিশ্বাস, ওই এক ওভারের ঘটনাই অনেকের কেরিয়ার শেষ করে দিতে পারত। কিন্তু ব্রড সেটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন—যা তাঁর মানসিক দৃঢ়তারই প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা