রে স্পোর্টজের প্রতিবেদন: চলতি মরসুমের বাকি সময়ের জন্য আর্জেন্টাইন রাইট উইঙ্গার ফ্রান্সিসকো ফেউইলাইয়ের আবালো, যিনি ফ্রাঞ্চু নামেই বেশি পরিচিত, তাঁকে দলে নিল কেরালা ব্লাস্টার্স। একসময় রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার ২০১৬ সালে তাদের রিজার্ভ দলের হয়ে পেশাদার কেরিয়ার শুরু করেন এবং মাত্র ১৮ বছর বয়সেই মূল দলের জার্সিতে অভিষেক হয় তাঁর।
পরবর্তীতে স্পেনের ফুয়েনলাব্রাদা, ইবিজা ও কার্তাজেনার মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৩-২৪ মরসুমে হাঙ্গেরির শীর্ষ লিগের ক্লাব দিওসগিওরি ভিটিকে-তে যোগ দিলেও মাঝপথেই সেই চুক্তি ভেঙে সাইপ্রাসের কার্মিওটিসা পিপি-তে নাম লেখান তিনি। তবে সেখানে প্রত্যাশামতো পারফর্ম করতে না পারায় মরসুম শেষে দল অবনমিত হয় দ্বিতীয় ডিভিশনে।
এরপর চলতি মরসুমের শুরু থেকে ক্লাবহীন ছিলেন ফ্রাঞ্চু। অবশেষে আইএসএলের মঞ্চে নতুন সুযোগ পেলেন এই রিয়াল মাদ্রিদ প্রাক্তনী। এখন দেখার, দীর্ঘদিনের ছন্দহীনতা কাটিয়ে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি।
