রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আবহাওয়ার কারণে অনুশীলন বাতিল হলেও দলের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে ইডেন গার্ডেন্সের ইনডোর ফ্যাসিলিটিতে গা ঘামালেন অঙ্গকৃষ রঘুবংশী, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তীরা। আবহাওয়া খারাপ থাকায় রবিবার দুই দলই অনুশীলন বাতিল করে দেয়।
দুই ম্যাচে টানা হারের পর স্বাভাবিকভাবেই দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। তবে নাইটদের বোলিং কোচ টিম সাউদি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।” তাঁর মতে, দলের বোলিং ইউনিট অনভিজ্ঞ হলেও প্রতিভার কোনও অভাব নেই। প্রথম দুই ম্যাচে সেই দক্ষতার ঝলক দেখা গেলেও ধারাবাহিকতার অভাব ছিল বলেই সাফল্য আসেনি।
বিশেষ করে পাওয়ার প্লে-তে উইকেট না পাওয়াই দলের বড় সমস্যা হিসেবে উঠে এসেছে। প্রতিপক্ষের ওপেনিং জুটি বড় রান তুলতে সক্ষম হওয়ায় ম্যাচের শুরুতেই চাপে পড়তে হয়েছে দলকে। সাউদির কথায়, “পাওয়ার প্লে-তে উইকেট নিতে পারলে ম্যাচের গতিপথ বদলে যায়। আমরা সেটাই করতে পারিনি, তবে পরের ম্যাচে তার জন্য পরিকল্পনা রয়েছে।”
স্পিন বিভাগ নিয়েও প্রশ্ন উঠেছে। দুই ম্যাচে স্পিনাররা খুব কম ওভার বল করে মাত্র একটি উইকেট পেয়েছেন। যদিও কোচ আশাবাদী, টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে স্পিনাররাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
এদিকে, চোট থেকে ফিরে আসা ক্যামেরন গ্রীনের বোলিং নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন কোচিং স্টাফ। তিনি জানিয়েছেন, গ্রীনের রিহ্যাব প্রক্রিয়া সঠিক পথে এগোচ্ছে এবং খুব শীঘ্রই তাকে ম্যাচে বল করতে দেখা যেতে পারে।
দলের কম্বিনেশন বা ব্যাটিং অর্ডারে বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত না দিলেও কোচ জানিয়েছেন, প্রতিপক্ষ ও পিচের পরিস্থিতি বিচার করেই একাদশ নির্ধারণ করা হবে।
কার্তিক ত্যাগী এবং বৈভব অরোরার মতো তরুণ বোলারদের উপর আস্থা রাখছেন কোচিং স্টাফ। তাঁদের মতে, অভিজ্ঞতা কম হলেও এই তরুণদের মধ্যে রয়েছে “অসাধারণ প্রতিভা”, যা টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে, শুরুটা আশানুরূপ না হলেও দলের আত্মবিশ্বাসে ভাটা পড়েনি। নাইট ম্যানেজমেন্টের বার্তা স্পষ্ট—এখনও অনেক পথ বাকি, ঘুরে দাঁড়ানোর সময় রয়েছে।
