রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বের চিরন্তন বিতর্কে আবারও মুখ খুললেন জেরার্ড পিকে। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দু’জনেরই সতীর্থ থাকার বিরল অভিজ্ঞতা থেকে স্পষ্ট মত জানালেন তিনি। পিকের কথায়, “আমি দুজনের সঙ্গেই খেলার সুযোগ পেয়েছি। তারা দুজনই ফুটবল ইতিহাসের সেরা। তবে আমার মনে হয় মেসি ক্রিশ্চিয়ানোর চেয়ে কিছুটা হলেও এগিয়ে।”
ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে এবং পরে বার্সেলোনায় দীর্ঘদিন মেসির সতীর্থ ছিলেন পিকে। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “তারা দুজনই আমাকে ট্রফি জিততে সাহায্য করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মস্কোয় আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতি, তখন ক্রিশ্চিয়ানো গোল করেছিলেন। বার্সার হয়ে মেসির ক্ষেত্রেও বিষয়টি একই।”
দু’জনের পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে পিকে বলেন, “আপনি কোন গুণটাকে বেশি মূল্য দেন, সেটাই আসল।” তাঁর মতে, “যদি কঠোর পরিশ্রম, ত্যাগ এবং হেড, ফ্রি-কিক বা পেনাল্টি থেকে গোল করার দক্ষতাকে প্রাধান্য দেন, তবে ক্রিশ্চিয়ানো এই সব কিছুতেই দুর্দান্ত। কিন্তু যদি সহজাত প্রতিভা বা বল পায়ে জাদুকরী কারুকার্য দেখতে চান, তাহলে আমার কাছে সেটা শুধুই মেসি।”
মেসির প্রতিভা নিয়ে পিকে আরও বলেন, “তাঁর যে পর্যায়ের প্রতিভা রয়েছে, তা আমি অন্য কোনো ফুটবলারের মধ্যে দেখিনি।” পাশাপাশি রোনালদোকে প্রশংসা করে তিনি যোগ করেন, “ক্রিশ্চিয়ানো ছিলেন গোলমেশিন, যিনি জিমে পাগলের মতো খাটতেন। প্রস্তুতির ক্ষেত্রে তাঁর মতো পরিশ্রমী কেউ নেই।”
সব মিলিয়ে, পিকের চোখে এই দুই মহাতারকাই ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ, তবে সূক্ষ্ম ব্যবধানে এগিয়ে রয়েছেন মেসি।
