Connect with us

আইনি লড়াইয়ে এগিয়ে বার্সেলোনা, কুন্দে ট্রান্সফার বিতর্কে স্বস্তি

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বার্সেলোনাকে ঘিরে বড় আইনি স্বস্তি। বার্সেলোনা-র বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় €৩ মিলিয়নের দাবি খারিজ করে দিল স্পেনের একটি আদালত। ২০২২ সালে জুল কুন্দে-র ট্রান্সফারকে কেন্দ্র করেই এই মামলা দায়ের করেছিলেন ফিফা-স্বীকৃত এজেন্ট আইজ্যাক তুতুমলু।

তুতুমলুর অভিযোগ ছিল, সেভিয়া থেকে জুল কুন্দেকে বার্সেলোনায় আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর দাবি, তাঁর হস্তক্ষেপেই কুন্দের সম্ভাব্য চেলসি-তে যোগ দেওয়া আটকে যায় এবং শেষ পর্যন্ত বার্সেলোনায় আসার পথ প্রশস্ত হয়। কিন্তু সেই কাজের জন্য কোনও পারিশ্রমিক পাননি তিনি। সেই কারণেই ক্ষতিপূরণ হিসেবে €৩ মিলিয়ন দাবি করে আদালতের দ্বারস্থ হন।

উল্লেখযোগ্য বিষয়, এই ট্রান্সফারের আর্থিক অঙ্কও ছিল যথেষ্ট বড়। প্রায় €৫০ মিলিয়ন নির্দিষ্ট ফি-র সঙ্গে অতিরিক্ত বোনাস মিলিয়ে কুন্দেকে দলে নেয় বার্সেলোনা। মামলার শুনানিতে আইজ্যাক তুতুমলু একাধিক ইমেইল ও হোয়াটসঅ্যাপ বার্তা প্রমাণ হিসেবে পেশ করেন, যেখানে ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দাবি তোলা হয়েছিল।

তবে আদালতের রায়ে স্পষ্ট জানানো হয়েছে, বার্সেলোনার পক্ষ থেকে তুতুমলুর ভূমিকার কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি বা তথাকথিত “ট্যাসিট সম্মতি”-র প্রমাণ মেলেনি। সেই কারণেই তাঁর আর্থিক দাবি সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে।

তবে লড়াই এখানেই শেষ নয়। ইতিমধ্যেই তুতুমলু জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চতর আদালতে আপিল করবেন। ফলে আপাতত স্বস্তি পেলেও, ভবিষ্যতে এই মামলা আবার নতুন মোড় নিতে পারে বলেই মনে করছে ফুটবলমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা