Connect with us

বৈঠকে অস্কারেই ভরসা বিভাসের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার যুবভারতীতে ইস্টবেঙ্গল অনুশীলনের আগে টিম হোটেলে দল এবং সাপোর্ট স্টাফদের নিয়ে ম্যারাথন বৈঠকে করল ইমামি ম্যানেজমেন্ট। সেখানে উপস্থিত ছিলেন কর্তা বিভাস আগরওয়াল। সম্প্রতি দলের খারাপ পারফরমেন্সের পরেও কোচ অস্কার ব্রুজোর মন্তব্য ঘিরে অস্বস্তি তৈরি হয়েছিল লাল-হলুদের অন্দরে। ক্লাবের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলায় ক্ষোভও ছিল কর্তাদের একাংশে। সেই প্রেক্ষিতে মহামেডান ম্যাচের আগেই কোচ বদলের জল্পনা জোরালো হচ্ছিল।

তবে সূত্র মারফত খবর, বৈঠকের পর সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিয়েছে ম্যানেজমেন্ট। কোচ বা দল নিয়ে কোনও কড়া পদক্ষেপের বদলে দলের পাশেই থাকার বার্তা দিয়েছেন বিভাস আগরওয়াল। তাঁর বক্তব্য, লিগে এখনও মাত্র একটি ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল। গোলসংখ্যার নিরিখেও প্রতিপক্ষ মোহনবাগানের পরেই রয়েছে লাল-হলুদ। ফলে পারফরম্যান্স নিয়ে উদ্বেগের বিশেষ কারণ দেখছেন না তিনি। আইএসএলের ইতিহাসে এবারই সেরা সূচনা করেছে দল। মাঝপথে ছন্দপতন হলেও ট্রফির দৌড় থেকে এখনও ছিটকে যায়নি ইস্টবেঙ্গল। বরং লিগ জয়ের অন্যতম দাবিদার তাঁরা।

অন্যদিকে, সূত্র অনুযায়ী এ দিনের বৈঠকে, সাংবাদিক সম্মেলনে ‘৫-৬ নম্বরে শেষ’ করার কথা বলার কারণও ব্যাখ্যা করেন অস্কার। তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি চাপ কমাতেই এমন মন্তব্য করেছিলেন তিনি। তিনি মনে করেন দলের ট্রফি জেতার ক্ষমতা রয়েছে। ঘুরে দাঁড়াতে একটি ম্যাচই যথেষ্ট। তাই মহামেডান ম্যাচ জিতে আন্তর্জাতিক বিরতিতে যেতে মরিয়া দল। ২০ দিনের বিরতিতে চোট সারিয়ে ফুটবলাররা ফিরলে আরও শক্তিশালী হয়ে উঠবে ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা