Connect with us

ICC T20 WORLD CUP: বিশ্বজয়ের পর আবেগঘন গম্ভীর, ভারতীয় ক্রিকেটের ভিত গড়ার কৃতিত্ব দিলেন পূর্বসূরিদের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় শিবির। তবে ট্রফি জয়ের পর নিজের কৃতিত্ব সামনে না এনে অন্যদেরই কৃতজ্ঞতা জানালেন ভারতীয় দলের প্রধান প্রশিক্ষক গৌতম গম্ভীর। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব তিনি উৎসর্গ করলেন ভারতের প্রাক্তন প্রশিক্ষক রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, প্রধান নির্বাচক অজিত আগরকর এবং ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার প্রাক্তন সচিব তথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বর্তমান সভাপতি জয় শাহকে।

ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই জয়ের মধ্য দিয়ে ইতিহাসও গড়ে ভারতীয় দল। প্রথম দল হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখা এবং ঘরের মাঠে ট্রফি জেতার নজির গড়ে ভারত।

ফাইনালের পর সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, এই সাফল্যের ভিত তৈরি হয়েছিল অনেক আগেই। তাই এই জয় তিনি উৎসর্গ করতে চান তাঁদের, যাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন।

প্রথমেই প্রাক্তন প্রশিক্ষক দ্রাবিড়কে ধন্যবাদ জানান গম্ভীর। তাঁর কথায়,“সবার আগে আমি এই ট্রফিটা উৎসর্গ করতে চাই রাহুল ভাইকে। ভারতীয় ক্রিকেটকে এত ভালো অবস্থায় রেখে যাওয়ার জন্য তাঁর অবদান অসাধারণ। প্রশিক্ষক হিসেবে তাঁর সময়ে তিনি যেভাবে দলকে ধরে রেখেছিলেন, তার জন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

এরপর তিনি উল্লেখ করেন লক্ষ্মণের অবদানও। বর্তমানে বিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স এর দায়িত্বে থাকা লক্ষ্মণের কাজের কথা স্মরণ করিয়ে দেন গম্ভীর।“লক্ষ্মণ ভাই নিঃস্বার্থভাবে ভারতীয় ক্রিকেটের জন্য কাজ করে যাচ্ছেন। অনেক কাজই পর্দার আড়ালে হয়, কিন্তু উৎকর্ষ কেন্দ্রই আসলে ভারতীয় ক্রিকেটের নতুন প্রতিভা গড়ে তোলার প্রধান পথ।”

জাতীয় দলের প্রধান নির্বাচক আগরকরের ভূমিকাও আলাদা করে উল্লেখ করেন তিনি। সমালোচনার মাঝেও দায়িত্ব পালনের জন্য তাঁর প্রশংসা করেন গম্ভীর।“অজিত আগরকরকে ধন্যবাদ দিতেই হবে। নির্বাচক হিসেবে তাঁকে অনেক সমালোচনা শুনতে হয়, কিন্তু যেভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।”

নিজের কঠিন সময়ের কথাও মনে করলেন ভারতীয় দলের প্রধান প্রশিক্ষক। বিশেষ করে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় হারার পর যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সেই সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান জয় শাহকে।“আমার দায়িত্ব পালনের সময় যখন সবচেয়ে কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন খুব কম মানুষই আমার খোঁজ নিয়েছিলেন। কিন্তু জয় ভাই করেছিলেন। তখনই বুঝেছিলাম, তিনি আমাকে বিশ্বাস করেন। আমার আগে কোনও দলের প্রধান প্রশিক্ষক হওয়ার অভিজ্ঞতা ছিল না, তবুও তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। সেই বিশ্বাসের জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।”

সীমিত ওভারের ক্রিকেটে গম্ভীরের সময়ে ইতিমধ্যেই বড় সাফল্য পেয়েছে ভারত। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ২০২৬ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ,টানা দুটি আন্তর্জাতিক শিরোপা জিতেছে ভারতীয় দল। যদিও পাঁচ দিনের ক্রিকেটে এখনও সেই সাফল্য আসেনি। গম্ভীরের সময়ে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছতে পারেনি।

তবু আপাতত সাদা বলের ক্রিকেটে সাফল্যের ধারাতেই খুশি ভারতীয় ক্রিকেটমহল। আর গম্ভীরও জানিয়ে দিয়েছেন এই জয় কেবল তাঁর একার নয়, বরং দীর্ঘদিন ধরে তৈরি হওয়া একটি শক্ত ব্যবস্থা ও পূর্ব পরিকল্পনার ফল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা