Connect with us

হোটেল কর্মীর সঙ্গে অশালীন আচরণ, হাতেনাতে ধরা পড়লেন পাক ক্রিকেটার

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান। অনেক জলঘোলা করার পর অবশেষে শ্রীলঙ্কায় নিজেদের সমস্ত বিশ্বকাপের ম্যাচ খেলেছে তারা। কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি বেশ বড়সড় অভিযোগের মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সূত্রের খবর পাকিস্তান দলের ক্রিকেটার শ্রীলঙ্কায় থাকাকালীন সেখানের এক হোটেল কর্মীর সঙ্গে অশালীন আচরণ করে হাতেনাতে ধরা পড়েন। এই ঘটনার জেরে তাকে শাস্তি দেওয়া হলেও মহসিন নকভির বোর্ডের মুখ পুড়েছে ইতিমধ্যেই। তাই দেশে ফেরার পর আরো বড় শাস্তি অপেক্ষা করে রয়েছে সেই ক্রিকেটারের জন্য এমনটাই জানা গেছে।

প্রসঙ্গত বিশ্বকাপের সময় কলম্বোর গোল্ডেন ক্রাউন হোটেলের ছিল গোটা পাকিস্তান দল। তাদের সুপার এইট এর শেষ ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। ম্যাচে নামার আগে হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করেন পাকিস্তানের এক ক্রিকেটার। এই পরিস্থিতিতে হোটেলের ওই কর্মী চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে হোটেলের বাকি কর্মীরা এসে সেখানে উপস্থিত হন। ফলে সকলের চোখের সামনেই ধরা পড়ে যান পাকিস্তানের এই ক্রিকেটার। সাথে সাথে খবর দেওয়া হয় পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমাকে। তিনি এসে এই ক্রিকেটারের হয়ে ক্ষমা চেয়ে বিষয়টি তখনকার মত ধামাচাপাও দেন। কিন্তু শোনা যাচ্ছে এই ক্রিকেটারের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ চিমা। যদিও ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হয়নি তবে সূত্রের খবর অনুযায়ী বড়সড় শাস্তি অপেক্ষা করছে তার জন্য। আর্থিক জরিমানা দিয়েই যে শুধুমাত্র তিনি পার পাবেন না একথাও স্পষ্ট জানানো হয়েছে। অনুমান করা হচ্ছে দেশে ফেরার পর পাক বোর্ডের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরা দিতে হবে এই সংশ্লিষ্ট ক্রিকেটারকে।

প্রসঙ্গত পাকিস্তান দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগে পাকিস্তান শাহীন্সের হয়ে খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে ম্যানচেস্টার পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছিল হায়দার আলীকে। মালয়েশিয়ায় হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করায় শাস্তি পেতে হয়েছিল দলের সাপোর্ট স্টাফ মলং আলীকেও। আর এবারে কলম্বোর হোটেলের এই ঘটনায় যে মুখ পুড়েছে মহসিন নকভিদের সে কথা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা