রে স্পোর্টজের প্রতিবেদন : দশ বছর আগের ক্ষত মুছে দিল ভারত। ২০১৬-র টি২০ বিশ্বকাপে ওয়াংখেড়েতে লেন্ডল সিমনসদের কাছে হারতে হয়েছিল ভারতকে। এ বার সেই ওয়েস্ট ইন্ডিজকে ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সূর্যকুমার যাদবের দল।
ইডেনে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার। ব্রেন্ডন কিং না থাকায় শাই হোপের সঙ্গে ওপেন করেন রস্টন চেজ। শুরুতে উইকেট না পড়লেও রান ছিল ধীর। এরপরেই চেজের সহজ ক্যাচ ফেলেন অভিষেক শর্মা। পরে ৬৮ রানের জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। হেটমায়ার ঝড় তুললেও তাঁকে ফেরান জসপ্রীত বুমরাহ। শেষ দিকে পাওয়েলের ৩৪ ও হোল্ডারের অপরাজিত ৩৭ রানের ওপর ভর করে ভারতকে লক্ষ্য দেয় ১৯৬ রানের।
জবাবে শুরুটা ভাল হয়নি ভারতের। অভিষেক শর্মা ১০ ও ঈশান কিশানও ১০ রান করে দ্রুত ফেরেন। কিন্তু সঞ্জু স্যামসন একদম অন্য ছন্দে খেলছিলেন। ২৬ বলে অর্ধশতরান করেন তিনি। সূর্যকুমার ১৮ রানে আউট হলেও তিলক বর্মা ২৭ রান করে যথার্থ সঙ্গ দেন। শেষ ছ’ওভারে দরকার ছিল ৬০ রান। কিন্ত চাপের ম্যাচেও শান্ত ছিলেন সঞ্জু। বড় শটের সঙ্গে দৌড়েও রান নেন তিনি।শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা ও চার মেরে ম্যাচ শেষ করেন সঞ্জু। ৫০ বলে করেন অপরাজিত ৯৭ রান, যাতে ছিল ১২ টি চার ও ৪ টি ছক্কা। শতরান না হলেও ইনিংসটি ছিল ম্যাচ জেতানো। হাঁটু গেড়ে ভগবানকে ধন্যবাদও জানালেন সঞ্জু। ভারতের সাজঘরে তখন সেমিফাইনালের যাওয়ার উল্লাস শুরু হয়ে গিয়েছে।
