রে স্পোর্টজ ওয়েবডেস্ক: ৬৭ বছরের অপেক্ষার অবসান। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে এক নতুন ইতিহাসের সাক্ষী থাকল রঞ্জি ট্রফি ২০২৫-২৬ ফাইনাল। প্রথমবার ফাইনালে ওঠা জম্মু ও কাশ্মীর ক্রিকেট দল শক্তিশালী কর্নাটক ক্রিকেট দল-কে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে উঠে এলো রেকর্ডের পাতায় । ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে বিশাল লিডের সুবাদে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জম্মু ও কাশ্মীরকে।
প্রথম ইনিংসে জম্মু ও কাশ্মীর তোলে ৫৮৪ রান। শুভম পুন্ডির অনবদ্য ১২১ রানের শতরান এবং ইয়াওয়ার হাসানের ৮৮ রানের লড়াকু ইনিংসে ভর করে বড় স্কোর গড়ে দল। জবাবে কর্নাটক ২৯৩ রানে অলআউট হয়ে পিছিয়ে পড়ে। যদিও মায়াঙ্ক আগরওয়াল একাই ২৬৬ বলে ১৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন, তবে অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি।
বল হাতে ৫ উইকেট শিকার করেন জম্মু ও কাশ্মীরের সেমিফাইনালে বাংলা বধের নায়ক আকিব নবী।দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীর আবারও ব্যাট হাতে দাপট দেখায়। ৩৪২ রানে চার উইকেটে ইনিংস ঘোষণা করে তারা। ওপেনার কুমারান ইকবাল অপরাজিত ৩১১ বলে ১৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পাশাপাশি সাহিল লোত্রা ১০১ রানে অপরাজিত থেকে শতরান পূর্ণ করেন। তাঁদের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ কাশ্মীরের হাতে তুলে দেয়।
শেষ দিনে কর্নাটকের সামনে ছিল কঠিন সমীকরণ,তবে তারকা সমৃদ্ধ কর্নাটক বোলিং লাইন কে শৃঙ্খলাবদ্ধ ব্যাটিং ও দৃঢ় মানসিকতার সাথে সামলালেন জম্মু ও কাশ্মীর ব্যাটসম্যানেরা। ৬৩৩ রানের বিশাল লিডে ডিক্লেয়ার ঘোষণা করে কাশ্মীর। ফলাফল—ড্র ম্যাচ, কিন্তু প্রথম ইনিংসের লিডে ঐতিহাসিক চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীর। ভারতীয় ক্রিকেটে শুরু হল এক নতুন অধ্যায়।
