Connect with us

ICC T20 WORLD CUP:অভিষেককে বার্তা যুবরাজের, বিস্তারিত জানতে পড়ুন

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে শূন্য রানের আউট হয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বড় রান আসেনি তার ব্যাট থেকে। এক সময় মনে হচ্ছিল হয়তো প্রথম একাদশ থেকে বাদ পড়বেন অভিষেক শর্মা। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে ফের তার ব্যাট কথা বলল। ৩০ বলে ৫৫ রানের ইনিংসে দেখা গেল তাকে সেই পরিচিত ছন্দে। আর তারপরই ছাত্রকে সমাজমাধ্যমে কুর্নিশ জানিয়ে আপ্লুত শিক্ষক যুবরাজ সিং।

নিজের সমাজ মাধ্যমে অভিষেকের ব্যাটিংয়ের ছবি দিয়ে যুবরাজ লেখেন, “তুমি যখন ব্যাটকে কথা বলতে দাও তখন যা হয়, সেটাই সবথেকে ভালো। অনবদ্য ইনিংস অভিষেক স্যার, আরো এগিয়ে যাও।” ছাত্র অভিষেককে স্যার বলে সম্বোধন করে আগামী ম্যাচগুলিতেও ছন্দ ধরে রাখার উৎসাহ দিয়েছেন যুবরাজ।

তবে অভিষেক শর্মার ছন্দে থাকা ভারতের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেটের যে পর্যায়ে ভারত দাঁড়িয়ে রয়েছে তাতে আগামী রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে ম্যাচে ভারত নামবে, কার্যত সেটা কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচে জিতলে সেমিফাইনালে জায়গা পাকা করে নেবেন সূর্যকুমার যাদবরা। আর হারলে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যাবে ভারত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেকের রানে ফেরা বেশ কিছুটা স্বস্তি এনেছে ভারতীয় শিবিরেও। যেহেতু খারাপ ফর্মের জন্য দলে জায়গা পাননি শুভমন গিল, তাই অভিষেকের উপরেই অনেকটা নির্ভর করছে ভারতের বিশ্বকাপ লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা