রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : দিল্লি এফসির বিরুদ্ধে বড় জয় ইস্টবেঙ্গলের। প্রথম ম্যাচের পর আজও দর্শকদের প্রত্যাশা পূরণ করল ইস্টবেঙ্গল দল। আজ যুবভারতীতে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল দিল্লি এফসির। পিছিয়ে পড়েও ৪-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতল অস্কার ব্রুজনের ছেলেরা।ম্যাচের শুরুর ৩ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। জোসেফ সানি ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে একটি থ্রু বল বাড়ালে সেই বল জালে জড়িয়ে দেন অগাস্টিন লালরোচনা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দিল্লি এফসি। ম্যাচের ৭ মিনিটে এডমুন্ডের জোরালো শট দিল্লি গোলকিপারের হাতে লেগে জালে ঢুকে যায়।সমতা ফেরানোর পর আক্রমণের ধার বাড়ায় লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ৯ মিনিটে এডমুন্ড একটি বল নিয়ে একক দক্ষতায় দিল্লি বক্সে পৌঁছে গেলে তাকে ফাউল করতে বাধ্য হন স্যাভিও ফার্নান্ডেজ। ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ইউসেফ এজ্জেজারি। আগের ম্যাচে দুই গোল করার পর আজও দুটি গোল করেন ইউসেফ। ম্যাচের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও ইস্টবেঙ্গলের তৃতীয় গোল করেন ইউসেফ। মিগুয়েলের বাড়ানো বল থেকে এগিয়ে আসা গোলকিপারের পায়ের তলা দিয়ে বল জালে পাঠান ইউসেফ এজ্জেজারি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলসংখ্যা বাড়াতে পারত ইস্টবেঙ্গল, কিন্তু মিগুয়েলের পাস থেকে গোল করার সহজ সুযোগ নষ্ট করেন নন্দকুমার। ম্যাচের শেষে অতিরিক্ত সময়ে দলের হয়ে চতুর্থ গোল করেন মিগুয়েলে।ইস্টবেঙ্গল মাঝ মাঠের আজ পুরোটাই একার হাতে সামলালেন এই ব্রাজিলিয়ান। চোট সারিয়ে আজ মাঠে ফিরলেন রাকিপ,দ্বিতীয়ার্ধে বিপিনের পরিবর্তে মাঠে নামেন তিনি। মহামেডানের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে মাথায়ে চোট পেয়েছিলেন রাকিপ।। আজ ম্যাচে অনুপস্থিত ছিলেন সউল ক্রেসপো। তাঁর জায়গায় এডমুন্ডকে প্রথম থেকেই মাঠে নামান কোচ অস্কার ব্রুজন। সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজন বলেছিলেন, তিনি এ বছর আক্রমণাত্মক ফুটবল খেলতে চান। আজ তারই স্পষ্ট প্রমাণ রাখল ইস্টবেঙ্গল দল।
