রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : সুইডেন সফরের শুরুটা ভাল হল না ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা দলের। বৃহস্পতিবার স্টকহোমের হামারবি স্পোর্টস গ্রাউন্ডে সুইডেনের শীর্ষ লিগের প্রাক্তন চ্যাম্পিয়ন হামারবি আইএফের সিনিয়র দলের কাছে ০-৬ গোলে হার মানল ইয়ং টাইগ্রেসরা।
ম্যাচের ১৬ ও ২২ মিনিটে পরপর দুই গোল করে এগিয়ে যায় সুইডেনের দলটি। দ্বিতীয়ার্ধে ৫৩, ৫৯, ৭৭ ও ৮৫ মিনিটে আরও চারবার জাল কাঁপিয়ে ব্যবধান বাড়ায় হামারবি। সফরের প্রথম প্রস্তুতি ম্যাচেই ইউরোপীয় গতি ও শারীরিক ফুটবলের কঠিন পরীক্ষার মুখে পড়তে হল ভারতীয় দলকে।
এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর। আগামী দিনে ট্যাবি এফকে, এনস্কেদে আইকে ড্যাম এবং কার্লবার্গস বিকের বিরুদ্ধে আরও তিনটি প্রীতি ম্যাচ খেলবে ভারত।
এই ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন মনালিশা দেবী মইরাংথম (গোলরক্ষক), থোইবিসানা চানু তোইজাম, পূজা, সিবানি দেবী নংমেইকাপাম, লিংদেইকিম, রেমি থোকচম, অধিনায়ক শুভাঙ্গী সিংহ, অঞ্জু চানু কায়েনপাইবাম, দীপিকা পাল, সিন্ডি কলনি ও সুলঞ্জনা রাউল। দ্বিতীয়ার্ধে একাধিক বদল করেও ফল বদলানো যায়নি।
