Connect with us

ISL 2025/26: ঘরের মাঠে জয় চায় মুম্বাই , চমক দিতে মরিয়া চেন্নাই!

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই সিটি এফসি মুখোমুখি হচ্ছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মুম্বই ফুটবল অ্যারিনা মাঠে। তৃতীয় মরসুমে দল সামলাতে নামা কোচ পিটার ক্রাটকি ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া। অন্যদিকে নতুন কোচ ক্লিফোর্ড মিরান্ডার অধীনে নতুন রূপে চেন্নাইয়িন প্রথম ম্যাচেই ছাপ ফেলতে চাইছে।

গত মরসুমে ষষ্ঠ স্থানে শেষ করা মুম্বই এলিমিনেটরে বেঙ্গালুরু এফসির কাছে হেরে ছিটকে যায়, পাশাপাশি এআইএফএফ সুপার কাপে সেমিফাইনালে এফসি গোয়ার কাছে পরাজিত হয়।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মুম্বই কোচ পিটার ক্রাটকি বলেন, “গত ১৮ মাসে আমরা দলের শক্ত ভিত তৈরি করেছি। এখন লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা। মুম্বই ফুটবল অ্যারিনাকে প্রতিপক্ষের জন্য কঠিন মাঠ বানানোই এই মরসুমের প্রধান লক্ষ্য।” প্রতিপক্ষ নিয়ে তিনি আরও বলেন, “এই মরসুমে চেন্নাইয়িন নতুন রূপে এসেছে, আমাদের নিজেদের পরিকল্পনায় মন দিতে হবে এবং প্রথম মিনিট থেকেই সেটা বাস্তবায়ন করতে হবে।”

নতুন কোচ ক্লিফোর্ড মিরান্ডা বলেন, “মুম্বইয়ের মাঠে মরসুম শুরু করা বড় চ্যালেঞ্জ, তবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত,আশা করি আমরা পরিস্থিতি বদলাতে পারব।” পাশাপাশি তিনি জানান, “অতীত এখন অতীত,এই মরসুমে আমরা সবাইকে চমকে দিতে পারি বলে বিশ্বাস রয়েছে।”

চেন্নাইয়িন অধিনায়ক ডিফেন্ডার প্রীতম কোটাল বলেন, “নতুন মরসুম শুরু হয়েছে। দল হিসেবে ভালো খেলাই আমাদের লক্ষ্য। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং তিন পয়েন্ট পাওয়ার জন্য সেরাটা দেব।”

অন্যদিকে মুম্বই অধিনায়ক লালিয়ানজুয়ালা ছাংতে সতর্ক করে বলেন, “চেন্নাই খুবই প্রতিযোগিতামূলক দল। তাদের হালকা ভাবে নেওয়া যাবে না। আমরা সেরা কম্বিনেশন তৈরির জন্য কঠোর পরিশ্রম করছি। সমর্থকেরা মাঠে আমাদের আবেগ আর লড়াই দেখবেন।”

বৃহস্পতিবার মুম্বাই অ্যারিনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যে ৭:৩০টায়, সম্প্রচার হবে ফ্যানকোড অ্যাপ ও সনি টেন ২ চ্যানেলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা