রে স্পোর্টজের প্রতিবেদন: অবশেষে অপেক্ষার অবসান। ২০২৬ মরশুমের আইএসএলে প্রথম বল গড়াবে কাল। যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। বিকেল ৫টায় শুরু হতে চলা এই হাইভোল্টেজ লড়াই ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। দীর্ঘ অনিশ্চয়তার পর লিগ ফিরছে মাঠে, তাই টিকিট বিক্রির প্রথম দিনেই বক্স অফিসের সামনে দেখা যায় দীর্ঘ লাইন।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে হাজির হয় দুই দল। কেরালা ব্লাস্টার্সের প্রতিনিধিত্ব করেন কোচ ডেভিড কাতালা ও মিডফিল্ডার দানিশ ফারুক। মোহনবাগানের নতুন কোচ প্রসঙ্গে কাতালা বলেন, “মোহনবাগানে নতুন কোচ এসেছে, এতে অবশ্যই মোহনবাগানের শক্তি বাড়বে, তবে আমরা তৈরি,আমরাও জেতার জন্যই খেলব।” নতুন বিদেশিদের মানিয়ে নেওয়া নিয়ে তাঁর মন্তব্য, “ওরা সবাই প্রফেশনাল এবং তৈরি, দলের সাথে মানিয়ে নিয়েছে ওরা।” দানিশও আত্মবিশ্বাসী সুরে জানান, “আমরা প্রফেশনাল, কম সময়ে পেলেও আমরা তৈরি।”
অন্যদিকে মোহনবাগানের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সার্জিও লোবেরা ও দিমিত্রি পেত্রাতোস। ডুরান্ড ও সুপার কাপে খেলার অভিজ্ঞতা কতটা বাড়তি সুবিধা দেবে, সেই প্রশ্নে লোবেরার জবাব, “অতীত নিয়ে ভাবছি না। আমি শূন্য থেকে শুরু করতে চাই। আমি আমার দর্শন প্রয়োগ করে মোহনবাগানকে ট্রফি জেতাতে চাই।” পাশাপাশি তিনি যোগ করেন, “দীর্ঘ অপেক্ষার পর আইএসএল শুরু হতে চলেছে। আমরা মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। ঘরের মাঠে প্রথম ম্যাচ, সমর্থকদের সামনে ম্যাচ জিততে চাই।” শুধু লোবেরা নয়, মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি দিমিত্রিও।
তৃতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামছে মোহনবাগান। অন্যদিকে প্রথম আইএসএল ট্রফির স্বপ্ন দেখছে কেরালা। মরশুমের সূচনা কার পক্ষে যায়, তার উত্তর মিলবে কাল যুবভারতীতে।
