আইপিএল জয়ের উচ্ছ্বাস কাটতে না কাটতেই নতুন সমস্যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি উদ্যাপনের সময় পদপিষ্ট হয়ে সমর্থকদের মৃত্যুর ঘটনার পর ফ্র্যাঞ্চাইজ়ি বিক্রির জল্পনা যেমন তৈরি হয়েছে, তেমনই অনিশ্চয়তায় তাদের হোম গ্রাউন্ড। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়াম এখনও অনুমতি না পাওয়ায় বিকল্প মাঠ খুঁজতে শুরু করেছে আরসিবি। প্রাথমিকভাবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামকে হোম ভেন্যু করতে চাইলেও মুম্বই ইন্ডিয়ান্স তা নাকচ করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী অন্য ফ্র্যাঞ্চাইজ়ির শহরের মাঠ ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট দলের অনুমতি প্রয়োজন। টেরিটোরিয়াল রাইটস দেখিয়ে মুম্বই কর্তৃপক্ষ আরসিবিকে রাজকোট, পুনে, রায়পুর, ভাইজ়্যাগ বা ইন্দোরের মতো বিকল্প শহর ভাবার পরামর্শ দিয়েছে। ফলে আপাতত রায়পুর ও ইন্দোরকে তালিকায় রেখেছে আরসিবি। এদিকে চিন্নস্বামী স্টেডিয়ামের অনুমতির জন্য কর্নাটক সরকারও চেষ্টা চালাচ্ছে।
